প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-নেপাল সীমান্তপথে পাচার হওয়া ১০০টি গরু আটক করা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়িতে। পালের মধ্যে পাওয়া গেছে এক রহস্যজনক গরু। এর পেটে ছিল সেলাইয়ের চিহ্ন আর তা থেকে বের হচ্ছিল টিক টিক শব্দ! স্থানীয় টিভি চ্যানেলে এ খবর প্রচারিত হয়। শুক্রবার বিকেলে গরুগুলোকে আটক করেন ভারতের নিরাপত্তা বাহিনী এসএসবির জওয়ানেরা। এ সময় দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। গরুর পেটে সেলাই দেখে এসএসবি মেটাল ডিটেক্টর এনে পরীক্ষা করার সময় টিকটিক শব্দ পান। গতকাল শনিবারই গরুটিকে সেনাক্যাম্পে নিয়ে এক্স-রে করার কথা ছিল। এর পেটে কী আছে তা জানার জন্য আটক দুই পাচারকারীকে জেরা করছেন এসএসবির কর্মকর্তারা।