ফুটবলের পরিভাষায় যাকে বলে ‘সেম সাইড গোল’, আম আদমি পার্টির ক্ষেত্রে (এএপি) বৃহস্পতিবার ঠিক সেটাই হলো। দলের প্রতিষ্ঠাতা নেতা ও দেশের সাবেক আইনমন্ত্রী শান্তিভূষণ বলে দিলেন, কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে ভোটে যাওয়া বিজেপির একটা ‘মাস্টার স্ট্রোক’।
কেজরিওয়ালের প্রভাবে শান্তিভূষণ ও তাঁর ছেলে প্রশান্তভূষণ এএপিতে অনেক দিন ধরেই কোণঠাসা। প্রশান্ত তো এবার ভোটে দলের প্রার্থীদের হয়ে প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার শান্তিভূষণের মন্তব্য তাই এএপির পক্ষে একটা ধাক্কা যেমন, তেমনই গোষ্ঠীদ্বন্দ্বে বিব্রত কিরণ বেদীর পক্ষে কিছুটা স্বস্তির। কারণ, কিরণ সম্পর্কে শান্তিভূষণ বলেন, ‘উনি সৎ। সাহসী। মুখ্যমন্ত্রী হলে দিল্লিবাসী ইমানদারির শাসন পাবে।’ পাশাপাশি কেজরিওয়াল সম্পর্কে তাঁর মন্তব্য, ‘উনি অনেক দিনই স্বরাজ ও গণতন্ত্র থেকে বিচ্যুত। দলে নেতা বদলের প্রয়োজন রয়েছে।’
এই ‘সেম সাইড গোলে’ বিব্রত হলেও কেজরিওয়াল বলেছেন, ‘এতেই প্রমাণিত হয় দলে গণতন্ত্র আছে।’
বৃহস্পতিবারের দিনটা নিশ্চিতই এএপির পক্ষে ছিল না। বরং বলা যায়, সম্পূর্ণই ছিল বিজেপির। কারণ, নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেসেও বড় বিতর্ক দেখা দিয়েছে। দলের মুখপাত্র জনার্দন দ্বিবেদী বলেন, মোদি দেশের মানুষকে তাঁর প্রতি বিশ্বাসী করে তুলতে পেরেছেন। মোদির জয় ভারতীয়ত্বের জয়। এই মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস হাইকমান্ড। দলের মুখ্যমন্ত্রিত্বের দাবিদার অজয় মাকেন জানিয়েছেন, জনার্দনের মন্তব্য দল অনুমোদন করে না। এ জন্য জনার্দনকে জবাবদিহি করতে হবে।