রাজনাথ ও নিসার আলীর পাল্টাপাল্টি অভিযোগে ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ​নিসার আলী ও রাজনাথ সিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ l এএফপি
সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ​নিসার আলী ও রাজনাথ সিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ l এএফপি

পাকিস্তানের ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণ প্রচার করা হলো না ওই অনুষ্ঠান সম্প্রচার করা পিটিভিতে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, সম্মেলনে রাজনাথ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের ঝড় বয়ে যায়।

উত্তেজনা এতটাই স্পষ্ট ছিল যে রাজনাথকে নিসার আলী খানের সঙ্গে সেভাবে হাতও মেলাতে দেখা যায়নি। এমনকি নিসার আলীর দেওয়া মধ্যাহ্নভোজেও যাননি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে পিটিভির পাশাপাশি কোনো বিদেশি সংবাদমাধ্যমকেও রাজনাথ সিংয়ের বক্তব্য কভার করতে দেওয়া হয়নি। বুধবার রাতে পাকিস্তানে গিয়ে চব্বিশ ঘণ্টারও কম সময় ইসলামাবাদে কাটিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজনাথ দিল্লি ফিরে আসেন।

সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনের অধিবেশন প্রচারের দায়িত্ব ছিল পিটিভির। তবে রাজনাথ সিংয়ের ভাষণের সময় তা প্রচার করা হয়নি। এই ঘটনাকে ‘গণতন্ত্রের পাকিস্তানি মডেল’ বলে সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

গতকাল দিল্লি ফিরে রাজনাথ সংবাদমাধ্যমকে কিছু জানাননি। তিনি শুধু বলেন, ‘ভারতের মনোভাব কী তা আমি পাকিস্তানে জানিয়ে এসেছি। সংসদের অধিবেশন চলছে। যা কিছু বলার তা সংসদেই বলব।’

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, সম্মেলনে রাজনাথ স্পষ্ট করেই বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধু কঠোর ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়, যেসব দেশ সন্ত্রাসীদের লালন করছে, সমর্থন দিচ্ছে ও পালন করছে তাদের বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তাদের একঘরে করা দরকার। রাজনাথ আরও বলেন, কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসীকে হিরো বা শহীদের মর্যাদা দেওয়া ঠিক নয়। সন্ত্রাসীরা সন্ত্রাসীই।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত খবর অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ভারত সরকারের নাম উল্লেখ না করে বলেন, কাশ্মীরে প্রতিবাদ রুখতে বল প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, কেবল অভিযোগ করে গত ছয় দশকে কোনো পক্ষই লাভবান হয়নি।

ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পর এই প্রথম কোনো ভারতীয় নেতার আনুষ্ঠানিক পাকিস্তান সফর। রাজনাথ পাকিস্তান যাবেন কি না তা নিয়ে সরকারে অনেক সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়, সার্ক যেহেতু বহুপক্ষীয় সংগঠন, তাই সেখানে না যাওয়ার কোনো কারণ নেই।