রাজনাথ সিং, জে পি নাড্ডা করোনায় আক্রান্ত
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাবেক সভাপতি ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দলটির বর্তমান সভাপতি জে পি নাড্ডা করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজনাথ সিং নিজে টুইট করে এসব তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। উপসর্গ মৃদু। আমি কোয়ারেন্টিনে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার এবং করোনার পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি।’
রাজনাথ সিং এমন সময় করোনায় আক্রান্ত হলেন, যখন ভারতে সংক্রমণ বাড়ছে। দেশটির রাজধানী দিল্লিতে এ সংক্রমণ শনাক্তের হার বাড়ছে। রোববার ২৪ ঘণ্টায় কেন্দ্রশাসিত এই এলাকায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৫১ জন। সংক্রমণের হার ২৩।
এদিকে বিজেপির বর্তমান সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও করোনায় আক্রান্ত। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা পরীক্ষা করেছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি।’
করোনায় আক্রান্ত বিজেপি সভাপতি জে পি নাড্ডা আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া তাঁর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের আইসোলেশনে থাকার ও করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
ভারতে আরও কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাইও রয়েছেন।