রাজনীতি থেকে গানে মন্ত্রী শোভনদেব

তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একসময় ছিলেন নামী বক্সার। পুরোহিতের দায়িত্ব পালন করেন এখনো। অভিনয়ও করেছেন। কবিতা লিখেছেন। ভজন ও কীর্তন গাইতে পারেন। তিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এবার শোভনদেব চট্টোপাধ্যায় গান গাইবেন চলচ্চিত্রে। কথাও পাকা পরিচালকদ্বয়ের সঙ্গে। পরিচালকেরাও খুশি। ছবির নাম ‘আবার বসন্ত বিলাপ’। এই ছবিতে নেপথ্য গায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি। ছবির পরিচালক ঈপ্সিতা রায় সরকার ও রাজেশ দত্ত। ছবিটির শুটিং চলছে। এর আগে এই পরিচালকদ্বয় নির্মাণ করেছেন ‘৬১ নম্বর গড়পাড় লেন’ নামে একটি ছবি।
শোভনদেব বলেছেন, তিনি বক্সিং করেছেন, কবিতাও লিখেছেন। এবার তিনি গান গাইবেন। বলেন, তাঁর পরিবার গানের পরিবার। বাড়িটাও গানের বাড়ি। বাবা ভালো গান গাইতেন। কাকা নামী কীর্তনিয়া ছিলেন। বোনেরা গান করেন। নিজেও গান গাইতেন।
এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় ও মুনমুন সেন। আর এই ছবিতে এই প্রজন্মের নতুন জুটি হচ্ছেন অনুভব কাঞ্জিলাল ও দেবলীনা।