রাজনীতিবিজ্ঞানে পড়ানো হয় রান্নাবান্না!

ভারতের বিহারে মাধ্যমিক শ্রেণির বোর্ডের পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে, এমন শীর্ষস্থানীয় ১৪ জনের ফের পরীক্ষা নেওয়া হবে। দেশটির রাজ্য সরকার এ তথ্য জানায় বলে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
সম্প্রতি কলা বিভাগ থেকে শীর্ষস্থান অধিকারী রুবি রায় ও বিজ্ঞান বিভাগ থেকে প্রথম সৌরভ শ্রেষ্ঠ নামের দুই শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয় স্থানীয় এক টিভি চ্যানেল।
সেখানে রুবির কাছে রাজনীতিবিজ্ঞান বিষয়টিতে কী সম্পর্কে পড়ানো হয়, তা জানতে চাইলে রুবি বলে, এতে রান্নাবান্না শেখানো হয়। আর রসায়ন বিষয়ে সৌরভকে একটি সাধারণ প্রশ্ন করা হলে সে ভুল উত্তর দেয়। বিজ্ঞান বিভাগ থেকে সৌরভ ৫০০ নম্বরে ৪৮৫ পেয়েছে। রুবি কলা বিভাগ থেকে ৫ লাখ ১০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৮৮ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়েছে।
সাক্ষাৎকারের এই ভিডিও সারা ভারতে ছড়িয়ে পড়ার পর মেধা তালিকায় স্থান পাওয়া এসব শিক্ষার্থীর সত্যিকারের মেধা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে। এর পরপরই রাজ্য সরকার তাদের ফের পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত নেয়।

বিহারের পরীক্ষা-বিষয়ক চেয়ারম্যান লালকেশোয়ার প্রসাদ সিং ভারতীয় গণমাধ্যমকে জানান, এই দুই শিক্ষার্থীসহ ১৪ জনকে আবার লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ৩ জুন মৌখিক পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ প্যানেলের সামনে বসতে হবে। একই সঙ্গে তাদের হাতের লেখাও পরীক্ষা করে দেখা হবে। কারণ, পরীক্ষার খাতায় তারাই লিখেছে কি না, তা খতিয়ে দেখা হবে।
গত বছর এই রাজ্যের একটি পরীক্ষাকেন্দ্রের ‘কঠোর নিরাপত্তায়’ ‘নিরাপত্তাবলয়’ ভেদ করে দেয়াল বেয়ে পরীক্ষার্থীদের বন্ধু ও অভিভাবকেরা ‘নকল সরবরাহ’ করছেন—এমন একটি সংবাদ ছবিসহ প্রকাশ করা হয়।