রাজনের না-থাকার সিদ্ধান্তে পড়ল রুপির দাম
আশঙ্কা ছিল ভারতীয় টাকার দাম পড়বে, আজ সোমবার বাজার খোলা মাত্র সেই আশঙ্কা সত্য হলো। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে রঘুরাম রাজনের দ্বিতীয় দফায় না-থাকার সিদ্ধান্ত ঘোষণার পর ভারতীয় টাকার দাম আজ ৩৩ পয়সা কমে গেল।
একটা সময় টাকার দর ৬১ পয়সা পড়ে যায়। কিন্তু দিনের শেষে তা ৩৩ পয়সায় গিয়ে ঠেকে। এই দরপতন রোধে বড় ভূমিকা নেয় সরকারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি। কেন্দ্রীয় সরকার আজ দুপুরে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) কথা ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী অসামরিক বিমান পরিবহন, ওষুধ শিল্প, প্রতিরক্ষা ও সিঙ্গল ব্র্যান্ড খুচরো ব্যবসায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে। সরকার জানিয়েছে, এর ফলে দেশে কর্মসংস্থান বহুগুণ বেড়ে যাবে।
সাবেক অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থনীতিতে যে সংস্কারপর্ব শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা আরও এগিয়ে নিয়ে গেলেন। সেই সিদ্ধান্ত তিনি নিলেন এমন একটা দিনে, রাজনের চলে যাওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া বাজারের ওপর পড়ার আশঙ্কা যেদিন মারাত্মকভাবে করা হচ্ছিল। আশঙ্কা অনুযায়ী শেয়ার বাজারে ধসও নামে। কিন্তু এফডিআই সিদ্ধান্ত বাজার চাঙা করে দেয়। টাকাও কিছুটা পতন ঠেকায়।
শিল্পপতিদের লাগামছাড়া ঋণ না দিয়ে ব্যাগগুলোকে খেলাপি ঋণের পরিমাণ কমানোর জন্য কড়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজন। সুদের হারও তিনি বেশি কমাতে চাননি। অর্থ মন্ত্রণালয় ও শিল্পপতিদের ক্ষোভ এ জন্য তাঁকে সহ্য করতে হয়েছে। রাজন সব সময় গুরুত্ব দিয়েছেন মুদ্রাস্ফীতি কম রাখার ওপর। গরিব ও মধ্যবিত্তের স্বার্থে। এ ক্ষেত্রে তিনি সফলও।
অর্থমন্ত্রী অরুণ জেটলি আবার মনে করেন, রাজনের নীতিতে দেশের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে কর্মসংস্থানও। এই বিরোধকে উসকে দেওয়ার জন্য হাতিয়ার হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুব্রক্ষ্মণ্যম স্বামী। রাজনকে তিনি শুধু অপমানই যে করলেন তা নয়, রাজনকে তিনি প্রকারান্তরে ‘দেশদ্রোহীও’ বলে দেন। রাজন ভেবেছিলেন স্বামীর ব্যক্তিগত আক্রমণের হাত থেকে সরকার তাঁকে রক্ষা করবে। কিন্তু তা না হওয়ায় তিনি দ্বিতীয় দফার দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেন।
রাজনের উত্তরসূরি কে হবেন সরকার সেই সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে আজ সুব্রক্ষ্মণ্যম স্বামী বলেছেন, রাজনকে হঠানো ছিল তাঁর প্রথম কাজ। তাঁর দ্বিতীয় কাজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘জালিয়াতি’ প্রকাশ করা। তিনি আজ বলেন, কেজরিওয়াল চিরকাল জালিয়াতি করে এসেছেন। এবার তিনি তা প্রকাশ করবেন।