রাজনের পর কেজরিওয়াল!
ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজনের দ্বিতীয় দফায় ওই পদে না থাকার সিদ্ধান্তের খুশি তাঁর চরম বিরোধী বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, রাজনের পর এবার তাঁর লক্ষ্য কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘জালিয়াতি’ প্রকাশের হুমকি দিয়ে এ কথা বলেছেন বিজেপিতে যোগ দেওয়া সুব্রহ্মণ্যম স্বামী।
রঘুরাম রাজন নানাভাবে নানাজনকে খেপিয়েছিলেন। শিল্পপতিদের লাগামছাড়া ঋণ না দিয়ে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের পরিমাণ কমানোর জন্য কড়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজন। সুদের হারও তিনি বেশি কমাতে চাননি। অর্থ মন্ত্রণালয় ও শিল্পপতিদের ক্ষোভ এ জন্য তাঁকে সহ্য করতে হয়েছে। রাজন সব সময় গুরুত্ব দিয়েছেন মুদ্রাস্ফীতি কম রাখার ওপর। গরিব ও মধ্যবিত্তের স্বার্থে। এ ক্ষেত্রে তিনি সফলও।
অর্থমন্ত্রী অরুণ জেটলি আবার মনে করেন, রাজনের নীতিতে দেশের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে কর্মসংস্থানও। এই বিরোধকে উসকে দেওয়ার জন্য হাতিয়ার হন সুব্রহ্মণ্যম স্বামী। রাজনকে তিনি শুধু অপমানই যে করেছেন তা নয়, রাজনকে তিনি প্রকারান্তরে ‘দেশদ্রোহীও’ বলে দেন। রাজন ভেবেছিলেন স্বামীর ব্যক্তিগত আক্রমণের হাত থেকে সরকার তাঁকে রক্ষা করবে। কিন্তু তা না হওয়ায় তিনি দ্বিতীয় দফার দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেন।
রাজনের উত্তরসূরি কে হবেন, সরকার সেই সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে সোমবার স্বামী বলেছেন, রাজনকে হটানো ছিল তাঁর প্রথম কাজ। তাঁর দ্বিতীয় কাজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘জালিয়াতি’ প্রকাশ করা। স্বামী বলেন, কেজরিওয়াল চিরকাল জালিয়াতি করে এসেছেন। এবার তিনি তা প্রকাশ করবেন।
রাজনের সিদ্ধান্তের পর আশঙ্কা ছিল, টাকার দাম পড়বে, গতকাল সোমবার বাজার খোলামাত্র সেই আশঙ্কা সত্য হলো। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে রঘুরাম রাজনের দ্বিতীয় দফায় না থাকার সিদ্ধান্ত ঘোষণার পর ভারতীয় টাকার দাম গতকাল ৩৩ পয়সা কমে গেল।