রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন মদন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক পরিবহনমন্ত্রী মদন মিত্র আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে শেষ জীবনটা পরিবারের মাঝে কাটাতে চান তিনি। থাকতে চান একজন সাধারণ মানুষের মতোই।

গত বৃহস্পতিবার এলগ্রিন রোডের হোটেল থেকে বেরিয়ে অনেকটা অভিমানের সুরে সাংবাদিকদের কাছে মদন মিত্র এসব কথা বলেন।

মদন মিত্র বলেন, ‘আমি এখন তৃণমূলের কোনো পদে নেই। এমনকি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই। এখন আমার পরিচয়—আমি একজন সাধারণ মানুষ। আমার এখন রাজনীতির সঙ্গে কোনো সংস্রব নেই। ভবিষ্যতে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই।’

পশ্চিমবঙ্গের আলোচিত আর্থিক কেলেঙ্কারি সারদাকাণ্ডে জড়িয়ে দীর্ঘ ২১ মাস কারাবন্দী থেকে গত শুক্রবার কলকাতার আলিপুর আদালত থেকে জামিনে মুক্তি পান মদন মিত্র। তাঁর ওই জামিন বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিবিআই। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

১৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সিঙ্গুরে পালিত হয় ‘সিঙ্গুর দিবস’। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি সিঙ্গুর আন্দোলনে অবদান রাখা দলীয় নেতাদের নাম এক এক করে ঘোষণা করেন। তবে তিনি মদন মিত্রের নাম চেপে যান। অথচ টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ির কারখানা প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণবিরোধী ওই আন্দোলনে মমতার পাশে ছিলেন মদন মিত্র। মমতার এই আচরণে মদন মিত্র আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।