প্রশাসনিক ব্যবস্থার বদলে কাশ্মীর পরিস্থিতির রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে দাবি জানালেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজ্যের ২০ জন বিরোধী নেতাকে নিয়ে ওমর গতকাল শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন। তাঁকে তাঁরা বলেন, অবিলম্বে উপত্যকায় নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক। সেই দায়িত্ব দেওয়া হোক সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে।
কাশ্মীরের বড় স্থানীয় দল ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর নেতারা চলতি সপ্তাহে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন, দিল্লি এসে কাশ্মীরের ‘প্রকৃত ঘটনা’ রাষ্ট্রপতিকে জানাবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে তাঁরা বলেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহার পথে না হেঁটে এই সরকার স্রেফ নিরাপত্তা বাহিনীর ওপর নির্ভর করে রয়েছে। এতে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। কারণ, সমস্যাটা রাজনৈতিক। ওমর আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের ওপর দোষ চাপানো হচ্ছে। পাকিস্তান তো ২৫ বছর ধরেই কাশ্মীরে সক্রিয়। কিন্তু এমন হাল তো কখনো হয়নি? আসল দোষ রাজ্যের মেহবুবা সরকারের। তারা বুরহান হত্যার পর পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি।’
কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে ভারতের সেনাবাহিনীও অবশেষে সবার কাছে আবেদন জানাল। তারা বলল, বাহিনীর সদস্যদের হাতে নিহত প্রভাষকের মৃত্যু দুঃখজনক ও অবাঞ্ছিত। যা ঘটেছে তা অন্যায়। এমন আচরণের কোনো নির্দেশই বাহিনীকে দেওয়া হয়নি। গত শুক্রবার উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখে সেনাবাহিনীর নর্দান কমান্ডের প্রধান লে. জেনারেল ডি এস হুডা এই আবেদন জানান। তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে আমরা শান্তি ফেরানোর কথা ভাবি।’
গত বুধবার ওই প্রভাষকসহ ১৮ জনকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে প্রভাষকের লাশ পাওয়া যায়।
লে জেনারেল হুডা শুক্রবার বাহিনীর অন্য শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে কাশ্মীর উপত্যকা ঘুরে দেখে রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে বৈঠক করেন। তারপর গতকাল সকাল থেকে মুঠোফোনের পোস্ট পেইড সেবা খুলে দেওয়া হয়। খুলে দেওয়া হয় প্রি-পেইডের ইনকামিং সার্ভিসও। তবে প্রি-পেইড ফোন থেকে এখনো ফোন করার অনুমতি দেওয়া হয়নি। প্রায় দেড় মাস ধরে মাঝে মাঝেই এই মুঠোফোন পরিষেবা খোলা-বন্ধ করা হয়েছে। সরকার বলেছে, গুজব ও উসকানি ছড়ানো বন্ধ করতেই এই ব্যবস্থা।
এদিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা গতকাল ‘আজাদি মার্চের’ যে ডাক দিয়েছিলেন, তা বানচাল করতে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এই নেতারা তাঁদের আন্দোলনের সময়সীমা ২৫ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।
লে. জেনারেল হুডা সাংবাদিকদের বলেন, কাশ্মীর উপত্যকায় দেড় মাস ধরে যা চলছে, তা অত্যন্ত ভয়ংকর। সংঘাত নতুনভাবে ঘুরে ঘুরে আসছে। এই পরিস্থিতি সামাল দেওয়া নিরাপত্তা বাহিনীর কাছেও খুব কঠিন। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ অসম্ভব চাপের মধ্যে কাজ করছে। তবু তাদের বলা হয়েছে যথাসম্ভব কম বল প্রয়োগ করতে।
গতকাল শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের দুই শহর অনন্তনাগ ও পামপোরেতে টানা ৪৩তম দিনের মতো কারফিউ বলবৎ ছিল। চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে উপত্যকার স্কুল, কলেজ এবং বেসরকারি নানা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। সরকারি অফিস-আদালত খোলা থাকলেও সেখানে উপস্থিতি বেশ কম।
‘ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়’: এদিকে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। গতকাল ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাদানি। তিনি বলেন, কাশ্মীরে চলমান নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরব হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে কমই কথা হচ্ছে।