জনগণনা শেষ হয়েছে চার বছর আগে ২০১১ সালে, বিহারের ভোট বড়জোর মাস তিনেক দূরে। ঠিক এই সময় ধর্মের ভিত্তিতে জনগণনার প্রতিবেদন পেশ হওয়ার পেছনে তাহলে কি বৃহত্তর রাজনৈতিক স্বার্থ রয়েছে? ভারতে রাজনৈতিক মহলে এই প্রশ্ন ইতিমধ্যে উঠে পড়েছে।
প্রশ্ন ওঠার কারণ, ২০০১ থেকে ২০১১ সাল—এই ১০ বছরে ভারতে হিন্দু মোট জনসংখ্যা যেখানে ০.৭ শতাংশ কমেছে, সেখানে মুসলমান জনসংখ্যা ০.৮ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, যে রাজ্যগুলোতে মুসলমান জনসংখ্যা যথেষ্ট বেড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ।
এই প্রতিবেদন অনুযায়ী ২০১১ সালে ভারতের মোট জনসংখ্যা ১২১.০৯ কোটি। এর মধ্যে হিন্দু ৯৬.৬৩ কোটি, মুসলমান ১৭.২২ কোটি। অবশ্য, প্রতিবেদন অনুযায়ী আগের দুবারের তুলনায় এই জনগণনায় হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়েরই বৃদ্ধির হার কমেছে।
প্রতিবেদন পেশের সঙ্গে রাজনীতির যোগ থাকার অভিযোগ তুলেছে বাম দলগুলো, জনতা দল (সংযুক্ত) এবং কংগ্রেস। বিহারের ভোটে লড়াই যেখানে তুল্যমূল্য, সেখানে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে সামনে রেখে বিজেপি ধর্মীয় মেরুকরণ করতে চাইছে বলে এই দলগুলোর অভিযোগ। জেডিইউ নেতা শারদ যাদব ও কে সি ত্যাগী সংবাদমাধ্যমকে বলেছেন, চার বছর আগে জনগণনা শেষ হয়েছে। তাহলে কেন আজ হঠাৎ ধর্মের ভিত্তিতে দেশের জনসংখ্যার ফল ঘোষিত হলো? তা ছাড়া তাই যদি হলো, তাহলে জাতভিত্তিক প্রতিবেদন কেন এখনো পেশ করা হলো না? কে সি ত্যাগীর অভিযোগ, বিজেপি বিহারে জিততে এতই মরিয়া যে মুসলমান বেড়ে চলার ধুয়ো তুলে তারা বিহারে মেরুকরণ করতে চাইছে।
এই প্রতিবেদন আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপির মেরুকরণের রাজনীতির সহায়ক বলেও মনে করা হচ্ছে। বিহারের পরেই বিজেপি আসামে জিততে মরিয়া। আসাম কংগ্রেসের একদা দুই নম্বর নেতা ও রাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেস ছেড়ে দিয়েছেন। দু-এক দিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সারা দেশের মধ্যে আসামে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ৩.৩ শতাংশ। ২০০১ সালে রাজ্যের জনসংখ্যার ৩০.৯ শতাংশ ছিল মুসলমান। ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪.২ শতাংশ। আসামের রাজনীতিতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বরাবরই একটা স্পর্শকাতর বিষয়। বিজেপি এই স্পর্শকাতরতাকে হাতিয়ার করে ২০১৬ সালের ভোটে রাজ্য দখলে মরিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেশ করা ধর্মভিত্তিক এই জনগণনা প্রতিবেদন এই রাজ্যে তাদের হাতিয়ার।
পশ্চিমবঙ্গেও বিজেপি এই প্রতিবেদনকে হাতিয়ার করতে চাইছে। রাজ্যের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মুসলমান জনসংখ্যা বৃদ্ধি বেশি। ২০০১ সালে রাজ্যে মুসলমান জনসংখ্যা ছিল ২৫.২ শতাংশ। ১০ বছর পরে ২০১১ সালে তা বেড়ে হয়েছে ২৬.৯৪ শতাংশ। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা অনুপ্রবেশ ও সরকারের মুসলিম তোষণ নীতিকে এ জন্য দায়ী করেছেন।