রাজপথে শপথ নিলেন জনতার মমতা

কলকাতার প্রশস্ত রেড রোডের মুক্তমঞ্চে দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির সামনে দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি গতকাল শুক্রবার বেলা পৌনে একটায় মমতাকে শপথবাক্য পাঠ করান। মমতা ঈশ্বর ও আল্লাহর নামে শপথ নিয়েছেন।
প্রথা ভেঙে রাজভবনের চৌহদ্দির বাইরে বেরিয়ে এসে এবারই প্রথম রাজপথে শপথ নিয়ে নতুন নজির তৈরি করেছেন মমতা।
গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন ৪২ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ২৯ জন পূর্ণ মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। সেই বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন মন্ত্রীদের দায়িত্ব ঘোষণা করেন। পুরোনো মন্ত্রীদের অধিকাংশকেই স্বপদে বহাল রাখা হয়েছে। অমিত মিত্র অর্থ ও শিল্পমন্ত্রী, ফিরহাদ হাকিম পুর ও নগর উন্নয়ন, সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী পদেই রয়েছেন। পরিবহনমন্ত্রী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। শোভনদেব চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি দপ্তর। ব্রাত্য বসুকে দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি দপ্তর। মুখ্যমন্ত্রী নিজে গতবারের মতোই স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তথ্য-সংস্কৃতি ও সংখ্যালঘু উন্নয়ন নিজের হাতে রেখেছেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জমকালো শপথ অনুষ্ঠান। মমতার নির্দেশে এদিন সব মন্ত্রীই ধুতি-পাঞ্জাবি ও পায়জামা-পাঞ্জাবি পরে শপথ নিতে এসেছিলেন। নারীরা আসেন শাড়ি পরে। দু-একজন বাদে সবাই বাংলাতেই শপথ নিয়েছেন। এবারের মন্ত্রিসভায় সাত মুসলিম, এক খ্রিষ্টান ও চার আদিবাসী প্রতিনিধি জায়গা পেয়েছেন। মমতাকে নিয়ে চার নারী প্রতিনিধি রয়েছেন মন্ত্রিসভায়।
গত মন্ত্রিসভার নয়জনকে এবার বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সিঙ্গুর থেকে বিজয়ী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না, রচপাল সিং, হায়দার আজিজ সফি, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সুদর্শন ঘোষ দস্তিদার, পুণ্ডরীকা সাহা, জ্যোতির্ময় কর ও সুকুমার হাঁসদা। এবার নতুন মন্ত্রী হয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে আছেন শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, আব্দুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্লা, অসীমা পাত্র, জাকির হোসেন, জেমস কুজুর প্রমুখ।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নগর উন্নয়নমন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল টুইট করে মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেডির লালুপ্রসাদ যাদব, ডিএমকের কানিমোঝি, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ প্রমুখ। মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কার মতো ভারতের প্রখ্যাত শিল্পপতিরাও মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। এসব রথী-মহারথীর পাশাপাশি প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার সাধারণ খেটেখাওয়া মানুষ এসেছিলেন এ অনুষ্ঠানে। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে বামফ্রন্ট, কংগ্রেস শপথ অনুষ্ঠান বর্জন করেছে। বিজেপি সরকারের মন্ত্রীরা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রাজ্যের বিজেপি নেতারা অনুষ্ঠান বর্জন করেছেন।