রাজস্থানের বিতর্কিত অপরাধ আইন হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যে সম্প্রতি জারি করা বিতর্কিত ক্রিমিনাল লজ (রাজস্থান সংশোধনী) অধ্যাদেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে রাজ্যের হাইকোর্টে। খবর এনডিটিভির। এদিকে চলতি অধিবেশনে এই অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগে উদ্বেগ জানিয়েছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া।

বিজেপি-শাসিত রাজস্থানে গত সেপ্টেম্বর মাসে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করার ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। কোনো মন্ত্রী, আইনসভার সদস্য বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ‘মিথ্যে অভিযোগ’কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই আইনের লঙ্ঘন করলে সাংবাদিকদের দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

২০০ আসনের রাজস্থান বিধানসভায় ১৬২ আসন আছে। তাই এ অধ্যাদেশ পাস হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

তবে এই কঠোর আইনের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। আজ সোমবার এক বিবৃতিতে তারা বলেছে, বিচার বিভাগ ও সরকারি কর্মচারীদের সুরক্ষার জন্য এ আইন করার কথা বলা হলেও বাস্তবে গণমাধ্যমকে শায়েস্তা করতেই এ আইন করা হয়েছে। এর ফলে ভারতের সংবিধানে মতপ্রকাশের যে স্বাধীনতা দেওয়া হয়েছে, তা খর্ব করবে। এ অধ্যাদেশ বাতিল এবং তা আইন হিসেবে তৈরি করার চেষ্টার বিরোধিতা করেছে গিল্ড।