রাজ্যপালকে সমাবর্তনে ঢুকতে দিলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ভারতের নতুন নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের (এনআরসি) পক্ষে কথা বলায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ঢুকতে দেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যও।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে যোগ দিতে এলে সেদিনও তাঁকে বৈঠকে যোগ দিতে দেননি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ঢোকার পর তাঁর গাড়ি আটকে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রশ্নের উত্তর দিলে অবরোধ তুলে নেওয়া হবে, এমন শর্ত দেন শিক্ষার্থীরা। কিন্তু রাজ্যপালের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে আর বৈঠকে যোগ দিতে দেননি তাঁরা। বাধ্য হয়ে বৈঠক না করেই রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

আজ মঙ্গলবার সমাবর্তনের দিনেও একই কাজ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে আচার্যকে দেড় ঘণ্টা আটকে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে তিনি রাজভবনে চলে যান। আজও রাজ্যপালকে কালো পতাকা প্রদর্শন করা হয়। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নও। পরে সমাবর্তন উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস।
সমাবর্তন উৎসবে দেওয়া হয় কৃতী শিক্ষার্থীদের সনদ এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। অন্যদের সঙ্গে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন বাংলাদেশের গবেষক সালমা সিদ্দিকিও। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সি. চক্রবর্তীর হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি।

ফের প্রতিবাদ মিছিল মমতার:
সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে মঙ্গলবারও প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার বিধান সরণির স্বামী বিবেকানন্দের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে বেলেঘাটার গান্ধী ভবনের সামনে মিছিলটি শেষ হয়।
মিছিল শুরুর আগে মমতা বলেন, ‘সিএএ ও এনআরসির নামে বিজেপি হিন্দু-মুসলমান ভাগ করতে চাইছে। আমরা তা মানি না । এই ভারতবর্ষ এক অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে বাস করে আসছে। এই রাজ্যে কোনো ধর্মীয় বিভাজন তাঁরা মেনে নেবেন না। সিএএ ও এনআরসির বিরুদ্ধে আমাদের আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন। পশ্চিমবঙ্গে সিএএ ও এনআরসি কার্যকর হতে দেওয়া হবে না।’