ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপালের ভাষণ বর্জন করেছে বিরোধী দল বিজেপি। আজ শুক্রবার বিধানসভায় অধিবেশনের শুরুতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত রাজ্য সরকারের ঠিক করে দেওয়া রাজ্যপালের ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগের কথা উল্লেখ না থাকায় এ ঘটনা ঘটে।
এদিকে নিজের ভাষণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যেও অস্বস্তি লক্ষ করা গেছে। তিনি এ ভাষণে কিছু সংশোধন আনতে চাইলেও তাতে সম্মত হয়নি তৃণমূল কংগ্রসের সরকার। নিয়ম অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা রাজ্যপালের জন্য লিখিত এই ভাষণ অনুমোদন দিয়ে থাকে।
বাজেট অধিবেশনের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গের নতুন বিধানসভার প্রথম অধিবেশন শুরু হলো। বেলা দুইটায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে প্রথামাফিক ভাষণ দিতে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ সময় তিনি লিখিত ভাষণ পড়তে শুরু করলে বিক্ষোভ শুরু করেন বিজেপির বিধায়কেরা। এই পরিস্থিতিতে জগদীপ ধনখড় বাজেট বক্তৃতার প্রথম ও শেষ দিকের কিছু কথা পাঠ করে চার মিনিটে ভাষণ শেষ করে বেরিয়ে যান। রাজ্যপালকে বিধানসভা ভবনের গেট পর্যন্ত এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিদায় জানান।
এ ঘটনার পর বিরোধীদলীয় নেতা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনোত্তরকালে এই রাজ্যে শাসক দলের হাতে বেশ কজন বিজেপি নেতা-কর্মী নিহত হয়েছেন। অনেককে গ্রামছাড়া করা হয়েছে। অনেকের বসতবাড়ি-দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
এ ধরনের ঘটনায় হাইকোর্টে মামলাও চলমান। অথচ রাজ্যপালের ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে রাজ্য সরকারের উদ্বেগের একটি কথাও ছিল না। এ জন্য বিজেপির বিধায়কেরা রাজ্যপালের ভাষণ বর্জন করেছেন।