রাজ্যপালের সঙ্গে বিবাদ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির সঙ্গে বাদানুবাদের ঘটনা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর অনুলিপি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়ার রুদ্রপুরের এক যুবকের ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাধে। শুরু হয় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। ওই যুবকের বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। উত্তাল হয়ে ওঠে এই এলাকা ছাড়াও আশপাশের বহু এলাকা। ছড়িয়ে পড়ে নানা গুজব।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে গতকাল মঙ্গলবার টেলিফোনের মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখতে কথা বলেন। তিনি জানতে চান, কেন এ ধরনের ঘটনা ঘটেছে? এই টেলিফোনের কথোপকথনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মমতা দাবি করেন, তাঁকে অপমান করেছেন রাজ্যপাল। এখতিয়ারের বাইরে তিনি নানা কথা শুনিয়েছেন মমতাকে। এতেই ক্ষুব্ধ হন মমতা। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করে একহাত নেন রাজ্যপালকে।

পরে মমতার এ আচরণে বিস্ময় প্রকাশ করে রাজ্যপাল বলেন, তিনি এমন কোনো কথা বলেননি, যাতে মুখ্যমন্ত্রী আঘাত পেতে পারেন। তিনি শুধু এলাকায় শান্তি বজায় রাখার কথা বলেছেন। তিনি মমতার বিরুদ্ধে সাংবিধানিক রীতি ভঙ্গেরও অভিযোগ আনেন।

আজ বুধবার তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, রাজ্যপালের এ আচরণ অনভিপ্রেত। রাজ্যপাল যা বলেছেন, তা তাঁর এখতিয়ারের বাইরে। উনি অশান্তি থামাতে কোনো সাহায্য করছেন না। উনি সুপ্রিম কোর্টের রায় জানেন না। জানেন না ওনার এখতিয়ার কী? তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করলে তৃণমূল চুপ থাকবে না। আমরা চাই রাজ্যে শান্তি।’

পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল কি বিজেপির মুখপাত্র? রাজভবন বিজেপির আস্তানা হতে পারে না। উনি শান্তির জন্য কোনো উদ্যোগ নেননি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় শান্তি ফেরাতে আধা সামরিক বাহিনী এনেছেন। আমরা চাই, রাজ্যের মানুষ শান্তিতে থাকুক।’

এদিকে তৃণমূলের রাজ্যসভার সদস্য ও মুখপাত্র সাংসদ ডেরেক ওব্রায়েন রাজ্যপালকে অবিলম্বে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। বলেছেন, রাজভবন আরএসএস ও বিজেপির শাখা অফিসে পরিণত হয়েছে। রাষ্ট্রপতির উচিত রাজ্যপালকে পদ থেকে অপসারণ করা।