রাজ্যসভা থেকে মিঠুন চক্রবর্তীর পদত্যাগ
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে জানায়, জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যসভার সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্রটি জমা দেন। তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হতে এখনো দেড় বছর বাকি।
মিঠুন চক্রবর্তী ২০১৪ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য হন। সদস্য হিসেবে তাঁর উপস্থিতি তেমন ভালো ছিল না। মাত্র তিন দিন তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন। এ পর্যন্ত তিনি অধিবেশনে কোনো প্রশ্ন করেননি বা বিতর্কে অংশ নেননি।
পশ্চিমবঙ্গে মিঠুন বামঘেঁষা অভিনেতা হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে ছিল তাঁর মধুর সম্পর্ক ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসার পর তাঁর অনুরোধে মিঠুন তৃণমূলে যোগ দেন।
রাজ্যসভার সদস্য হওয়ার পর মিঠুন চক্রবর্তীকে সারদা গোষ্ঠীর একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত করা হয়। করা হয় ব্রান্ড অ্যাম্বাসেডর। পরে পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর মিঠুনের বিরুদ্ধে সারদা থেকে আর্থিক সুবিধা লাভের অভিযোগ ওঠে। এক সময় তিনি সারদার টাকা ফিরিয়েও দেন। এই সব ঘটনার পর মিঠুন রাজনীতিতে অনেকটা পর্দার অন্তরালে চলে যান। অভিনয় জগৎ থেকেও দূরে সরে যান। সব মিলিয়ে তিনি মাত্র তিন দিন রাজ্যসভার অধিবেশনে যোগ দেন। এসব ঘটনার মধ্যেই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করলেন।