রাজ্যসভা থেকে সিধুর ইস্তফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিলেন সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধু। জোর জল্পনা, তিনি বিজেপির সঙ্গ ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন।

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সিধু রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সালে বিজেপির টিকিটে পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় জেতেন। পাঁচ বছর ধরে সাংসদ থাকার পর ২০১৪ সালে বিজেপি সিধুকে টিকিট দিতে অস্বীকার করে। তাঁর জায়গায় বিজেপি মনোনীত প্রার্থী হন অরুণ জেটলি। কিন্তু সারা দেশে প্রবল মোদি-হাওয়া সত্ত্বেও জেটলি হেরে যান। সেই থেকে সিধু দলে কোণঠাসা। কিন্তু তবু তাঁকে দলে রাখতে বিজেপির সুপারিশে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য করা হয়। আজ সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই সিধু ইস্তফা দেন।

আগামী বছর উত্তর প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ ও গোয়ার সঙ্গে পাঞ্জাব বিধানসভারও ভোট। পাঞ্জাবে বর্তমানে বিজেপির জোট শরিক আকালি দলের সরকার। কংগ্রেস ও আম আদমি পার্টি—দুই দলই পাঞ্জাব দখলে মরিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত রোববারই পাঞ্জাব সফরে গিয়েছিলেন। সেখানে তিনি শিখদের পবিত্র স্বর্ণমন্দিরেও যান।

আজ সিধুর ইস্তফা দেওয়ার ঘটনা নির্বাচনের আগে বিজেপির কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। আম আদমি পার্টি সূত্রের খবর, সিধুকেই রাজ্যের মুখ্যমন্ত্রী খাঁড়া করে দল ভোটে লড়বে।