রাজ্যসভা নির্বাচনে আহমেদ প্যাটেলের নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার দিন ও রাতভর নাটক শেষে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। গুজরাট থেকে রাজ্যসভায় খালি হওয়া তিনটি আসনের দুটিতে জিতলেন বিজেপির সভাপতি অমিত শাহ ও মন্ত্রী স্মৃতি ইরানি, অন্যটিতে আহমেদ প্যাটেল।

মঙ্গলবার রাত আড়াইটায় নির্বাচনের ফল ঘোষিত হয়। গুজরাট বিধানসভার মোট সদস্যসংখ্যা ১৮২। কংগ্রেসের ৫৭, বিজেপির ১২১। জেতার জন্য তিন প্রার্থীর প্রয়োজন ৪৫টি ভোট। বিজেপি এখানেই রাজনৈতিক চালটি চালে। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা সাবেক চিফ হুইপ বলবন্তসিন রাজপুতকে তারা তৃতীয় প্রার্থী করে। ৩১টি ভোট তাদের উদ্বৃত্ত। কংগ্রেসের ঘর ভাঙিয়ে তৃতীয় আসনটি জিততে কোমর কষে নামেন অমিত শাহ।

রাজনৈতিক উত্তেজনার শুরুও সেই থেকে। এদিকে কংগ্রেস নেতা শঙ্করসিন বাঘেলা ৭ বিধায়ক নিয়ে দল ছাড়েন।

কিছুদিন পর কংগ্রেসের আরও ৬ সদস্য বিধায়ক পদে ইস্তফা দেন। কংগ্রেসের আসনসংখ্যা কমে দাঁড়ায় ৪৪-এ। অবস্থা এমন দাঁড়ায়, জিততে হলে ৪৫ আসন পেতে হবে, অথচ কংগ্রেসের সদস্যসংখ্যা ৪৪। দলে ভাঙন রুখতে এই সময়েই কংগ্রেস তাদের ৪৪ জন বিধায়ককে উড়িয়ে নিয়ে যায় কর্ণাটকে, যেখানে তারা শাসক দল।

এত কড়া নজর সত্ত্বেও দুই কংগ্রেসি বিজেপির তৃতীয় প্রার্থী বলবন্তসিন রাজপুতকে ভোট দেন। কিন্তু নির্বাচন কমিশনের বিধি ভেঙে সেই ব্যালট তাঁরা অন্যদের দেখানোয় কপাল পোড়ে বিজেপির। সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হলে কংগ্রেস ওই দুই ভোট বাতিলের দাবি জানায়। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাদের বিপক্ষে যেতে পারে আশঙ্কা করে কংগ্রেস দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরাও কমিশনে হাজির হয়ে দাবি জানান, ভোট শেষে কংগ্রেসের এই দাবি মানা যায় না। রাত নয়টায় কমিশন নির্বাচনের ভিডিও গান্ধীনগর থেকে চেয়ে পাঠায়। ভিডিও খতিয়ে কমিশন জানায়, দুই বিধায়ক নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। তাঁদের ভোট বাতিল হবে।

দুটি ভোট বাতিল হওয়ায় জেতার জন্য প্রয়োজনীয় ভোটসংখ্যাও ৪৫ থেকে কমে হয় ৪৪। রাত ১২টায় শুরু হয় গণনা। দেখা যায়, কংগ্রেসের দুটি ভোট বাতিল হলেও আহমেদ প্যাটেল ৪৪ ভোটই পেয়েছেন। এটা সম্ভব হয় এনসিপির দুই বিধায়কের একজন ও সংযুক্ত জনতা দলের একমাত্র সদস্যের ভোট আহমেদ প্যাটেল পাওয়ায়।