রাজ্যসভায় কালকের ঘটনায় ব্যাখ্যা তলব মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজ্যসভায় সংশোধনী বিলের ওপর ভোটাভুটির সময় মন্ত্রীসহ বিজেপি ও মিত্রদের সদস্যরা অনুপস্থিত থাকায় অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী ও সদস্য এবং এনডিএ জোটের সদস্যদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন মোদি। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সংশোধনী নিয়ে এই ভোটাভুটি হয়। এখানে ক্ষমতাসীন এনডিএর বিরোধীরা উচ্চপর্যায়ে দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতাকে বড় করে তুলে ধরার চেষ্টা চালায়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গতকাল বুধবার রাজ্যসভায় সিপিএমের গুরুত্বপূর্ণ সংশোধনী বিলের ওপর ভোটাভুটি হয়। রাজ্যসভায় এখন বাজেট অধিবেশন চলছে। এ-সংক্রান্ত বিভিন্ন বিল পাস হচ্ছে। কিন্তু এ রকম গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যসভার বেশির ভাগ সদস্যই অনুপস্থিত ছিলেন। এতে বেশ বিব্রত হন মোদি।

সিপিএম সদস্য সীতারাম ইয়েচুরি ও পি রাজীব সংশোধনীটি রাজ্যসভায় যখন ভোটের জন্য উপস্থাপন করেন, তখন ৪৬ জন বিজেপি সদস্যদের মধ্যে ১০ জন এবং এনডিএর ১২ জন সদস্য সেখানে অনুপস্থিত ছিলেন। সংশোধনীটির পক্ষে ১১৮ ভোট ও বিপক্ষে ৫৭ ভোট পড়ে।

একটি সূত্র জানায়, যেসব মন্ত্রী ও রাজ্যসভার সদস্য ওই দিন অনুপস্থিত ছিলেন, তাঁদের কাছে হাজির না থাকার কারণ জানতে চেয়েছেন মোদি। যদিও অনুপস্থিত সদস্যরা থাকলে পরিস্থিতির খুব বেশি বদল হতো না। কারণ, এনডিএ রাজ্যসভার সংখ্যালঘু দল। তবে মোদি সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে সব সদস্যের রাজ্যসভায় উপস্থিত থাকতে হবে।