রাজ্যসভার ভোট নিয়ে সেয়ানে সেয়ানে টক্কর
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ভোট শাসক দল বিজেপি ও বিরোধীদের টক্করে টানটান উত্তেজনায় শেষ হলো। গতকাল শুক্রবারের দিনভর এই উত্তেজনার পর এখন দেখার, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) অভূতপূর্ব জোটকে পেছনে ফেলে শাসক বিজেপি বাড়তি একটি আসন জিতে নিল কি না। একইভাবে দক্ষিণের কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকে বিজেপি ও অন্য বিরোধীরা বেহাল হলো কি না, তা নিয়েও আগ্রহ তুঙ্গে।
রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে মোট আসন ছিল ৫৯। এই আসনগুলোর মধ্যে ৩৩টির প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুক্রবার ভোট হয় বাকি ২৬ আসনে। এগুলোর মধ্যে আকর্ষণের কেন্দ্রে ছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ ও কংগ্রেস শাসিত কর্নাটক। এই দুই রাজ্যে ভোট হয় যথাক্রমে ১০ ও ৪টি আসনে। এ ছাড়া ভোট হয় পশ্চিমবঙ্গের ৫, তেলেঙ্গানায় ৩, ঝাড়খন্ডে ২ এবং কেরালা ও ছত্তিশগড়ে একটি করে আসনে।
এতগুলো রাজ্যের মধ্যে উত্তেজনায় খই ফুটেছিল উত্তর প্রদেশ। এই রাজ্যে খালি হয়েছিল মোট ১০টি আসন। এগুলোর মধ্যে বিজেপি একাই জেতার মতো অবস্থায় ছিল ৮টি আসনে। এই রাজ্যে জেতার জন্য একেকজন প্রার্থীর ৩৭টি করে ভোট পাওয়া দরকার। বিধাসনভায় বিজেপির মোট আসনসংখ্যা ৩২৪। ফলে ৮টি আসনে ৮জন প্রার্থীর জয় ছিল নিশ্চিত। একেকজনকে ৩৭টি করে ভোট দেওয়ার পরেও বিজেপির কাছে উদ্বৃত্ত ছিল ২৮টি ভোট। বিজেপি সভাপতি অমিত শাহ এই বাড়তি ভোট নিয়েই ফাটকা খেলার সিদ্ধান্ত নেন। এসপি ও বিএসপি জোটকে হারাতে কোমর কষে নামেন। নবম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করান রাজ্যের শিল্পপতি অনিল আগরওয়ালকে।
বিজেপির মোকাবিলায় রাজ্যে পায়ের তলায় জমি শক্ত করতে অখিলেশ সিং ও মায়াবতী হাতে হাত মিলিয়েছেন। দীর্ঘ ২৪ বছর পর জোট বেঁধেছেন। পারস্পরিক সমর্থনের বিনিময়ে এই সেদিন ছিনিয়ে নিয়েছেন বিজেপির জেতা দুই লোকসভা আসন গোরক্ষপুর ও ফুলপুর। এরই বদলা নিতে রাজ্যসভার ভোটে অমিত শাহর ময়দানে নামা। অখিলেশের সমর্থনে মায়াবতীর প্রার্থী ভীমরাও আম্বেদকরকে হারাতে উঠেপড়ে লাগে।
লোকসভায় জেতার পর রাজ্যসভায় এসপির বাড়তি ভোট বিএসপিকে দিতে অখিলেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। বিধানসভায় এসপির মোট সদস্য ৪৭। ৩৭ ভোট জয়া বচ্চনকে দিয়েও এসপির বাড়তি ভোট থাকে ১০। বিএসপির নিজের সদস্য ১৯। পাটিগণিতের হিসেবে ১৯–এর সঙ্গে ১০ যোগ হলে মায়াবতীর প্রার্থীর জয়ের জন্য দরকার আরও ৮টি ভোট। কংগ্রেস তার ৭ ভোট বিএসপির পক্ষে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অজিত সিংয়ের দলের একমাত্র বিধায়কও বিএসপিকে ভোট দেওয়ার কথা জানান। কিন্তু রাজনীতিতে পাটিগণিতের চেয়ে বেশি জরুরি রসায়ন।
মায়াবতীর দলের বিধায়ক অনিল কুমার সিং ভোট দিয়ে এসে বলেন, তিনি সমর্থন জানিয়েছেন বিজেপি–সমর্থিত প্রার্থীকে। কারণ, তিনি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ‘কথা ফেলতে পারেন না’। এসপি থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া সাবেক রাজ্যসভা সদস্য নরেশ আগরওয়ালের বিধায়ক পুত্র নিতিনও (এসপি) বিজেপিকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। আবার ভোট চলাকালীন অখিলেশের সঙ্গে দেখা করে নির্দল প্রার্থী রঘুরাজ প্রতাপ সিং বলেছেন, তিনি অখিলেশের সঙ্গে আছেন কিন্তু তার অর্থ এই নয় যে মায়াবতীর প্রার্থীকে ভোট দেবেন। ভোট গ্রহণের পর এসপি, বিএসপি ও কংগ্রেসের আপত্তিতে নির্বাচন কমিশন গণনা কিছু সময়ের জন্য স্থগিতের নির্দেশও দেয়।
কর্নাটকের লড়াইটাও উত্তর প্রদেশের মতো। সেই রাজ্যে ভোট ৪ আসনে। জিততে গেলে প্রয়োজন ৪৭টি ভোট। কংগ্রেসের মোট বিধায়ক ১২৪। এই হিসাবে দুই প্রার্থীর জয় নিশ্চিত। কিন্তু তার পরেও তাদের কাছে বাড়তি ভোট থাকে ৩২। বিজেপি ও জনতা দল (ধর্মনিরপেক্ষ) একজোট হয়ে লড়ছে। দুটি আসনে তাদের জেতার জন্য প্রয়োজন মোট ৯৪ ভোট, প্রয়োজনের তুলনায় ২টি কম। কংগ্রেস জনতা দলের ৭ বিধায়ককে ‘কিনে নিয়েছে’ বলে জনতা দল অভিযোগ জানায়। তারা নির্বাচন বাতিল করার দাবিও জানিয়েছে।
উত্তর প্রদেশ থেকে অন্যদের সঙ্গে জিতে রাজ্যসভায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও দলীয় মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় আসছেন পশ্চিমবঙ্গ থেকে। লোকসভা ভোটের আগে রাজ্যসভার এই ভোট দলীয় আনুগত্য অস্বীকার করে ‘ক্রস ভোটিং’ ও অভূতপূর্ব জোট সমীকরণের অভিনব নিদর্শন হয়ে রইল।