রাজ্যসভায় উঠছে সীমান্ত বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে মাসের ৫ তারিখের পর ভারতের রাজ্যসভায় আলোচনা ও পাসের জন্য আনা হচ্ছে বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত সীমান্ত বিল। ভারতের সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু গতকাল বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে সংবাদমাধ্যমকে এ খবর জানান।
তবে এই বিলের আওতা থেকে আসামকে বাদ রাখা হচ্ছে। অর্থাৎ বিল পাসের পর পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে রদবদল ঘটলেও আসামে তা হবে না। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সরকারের কথা হয়েছে। আসামকে বাদ দিয়ে বিল আনায় মমতার আপত্তি নেই বলে সরকারি সূত্রের দাবি। এ সূত্রের মতে, আসামের বিষয়টি আবেগের। সে জন্যই এ সিদ্ধান্ত। গতকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটিকে এভাবে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজেট অধিবেশনের এ পর্বে লোকসভার অধিবেশন শেষ হচ্ছে ৮ মে। রাজ্যসভার অধিবেশন অবশ্য চলবে আরও তিন দিন। সীমান্ত বিল (১১৯তম সংবিধান সংশোধন) পাস করাতে হলে ৮ মের মধ্যে লোকসভাতেও পাস করিয়ে ফেলতে হবে। না হলে রাজ্যসভায় পাসের পর পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারি সূত্রের খবর, ৮ মের মধ্যেই বিল পাসের চেষ্টা করা হবে। কারণ, জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেেশ যেতে আগ্রহী। বিল পাস না হলে খালি হাতে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়।
বাংলাদেশ-ভারত সীমান্ত বিল পাস করাতে কেন এত টালবাহানা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে তা সম্প্রতি জানতে চেয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। বিজেপির রাজ্য নেতৃত্বের চাপে বিষয়টি যে ঝুলে রয়েছে, তা এত দিনে সবার জানা। এখন প্রশ্ন, যে বিলটি কংগ্রেস আমলে রাজ্যসভায় পেশ করা হয় এবং যে বিলটি স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে পাস করে, তাতে আসামও রয়েছে। তাহলে সরকার কি সেই বিলের বদলে আসামকে বাদ দিয়ে নতুন বিল আনবে, নাকি পুরোনো বিলে সংশোধনী এনে আসামকে বাদ দেওয়া হবে। সরকারিভাবে এর ব্যাখ্যা পাওয়া যায়নি। এটাও বোঝা যাচ্ছে না, এ উদ্যোগের ফলে ৪২ বছর আগে সম্পাদিত মূল চুক্তি এবং চার বছর আগে সই করা প্রটোকল, যাতে আসামও রয়েছে, তার কী হবে? তাহলে কি চুক্তি রূপায়ণের ক্ষেত্রে আসামকে বাদ দেওয়া হবে? এ প্রশ্নগুলোর ব্যাখ্যা সরকারিভাবে কেউ দেননি।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিপিএম নেতা মহম্মদ সেলিম সরকারের এ উদ্যোগ শুনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার দেশের সার্বিক স্বার্থহানি করল এবং একটা খণ্ডিত চুক্তি করতে চলেছে।’ কংগ্রেস এ সিদ্ধান্তকে কীভাবে নেবে, এখনো অজানা। যদিও আসামের সাবেক কংগ্রেস সভাপতি রাজ্যসভার সদস্য ভুবনেশ্বর কলিতা প্রথম আলোকে বলেছেন, ‘আমরা চাই আমাদের আনা বিল যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হোক।’ বিলটি কীভাবে আনা হবে, কীভাবে আসামকে বাদ দেওয়া হবে, না দেখে কংগ্রেস মন্তব্য করতে চায় না।
প্রধানত আসামের বিজেপি নেতাদের আপত্তিতেই বিলটি নিয়ে টালবাহানা। আগামী বছর আসাম বিধানসভার ভোট। রাজ্য নেতারা চাইছেন না, সেই ভোটের আগে সীমান্ত বিল পাস হয়ে ৪২ বছর আগের চুক্তি বাস্তবায়িত হোক। কারণ, বিজেপির রাজ্য নেতারা মনে করছেন, সংবিধান সংশোধন বিল পাস হয়ে গেলে আসামে তার প্রভাব পড়বে, যা তাঁদের দলের বিরুদ্ধে যেতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্প্রতি আসামে গিয়ে রাজ্য নেতাদের আশ্বাস দিয়েছেন, রাজ্যে দলের ক্ষমতায় আসার সম্ভাবনা নষ্ট হোক, এমন কিছু তাঁরা করবেন না। বিলটি পাস হলেও তা যাতে আসামে কার্যকর না হয়, সে ব্যবস্থা সরকার করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আসামের মঙ্গলদই কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত বিজেপির সদস্য রমেন ডেকা প্রথম আলোকে বলেন, ‘সরকার কীভাবে কী করবে, তা আমাদের জানা নেই। অমিত শাহ এটুকু জানিয়েছেন, দলের বিরুদ্ধে যায় এমন কিছু করা হবে না।’