রাজ্যসভায় কংগ্রেসের হারের পর নতুন বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হারের পর কংগ্রেসের সাংগঠনিক রদবদল ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। হরিয়ানায় হারের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের বর্ষীয়ান নেতা কমল নাথ ও গুলাম নবী আজাদকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক করার পরপরই বিতর্কের শুরু হয়। বিতর্কের মধ্যেই পাঞ্জাব সফরে গেলেও এ নিয়ে মুখ খোলেননি কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
রাজ্যসভার ভোটে কংগ্রেসের মুখ পুড়েছে প্রধানত হরিয়ানায়। এই রাজ্যে কংগ্রেস-সমর্থিত ভারতীয় লোক দলের প্রার্থী বিশিষ্ট আইনজীবী আর কে আনন্দকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্তু তিনি হেরে যান বিজেপি-সমর্থিত জি টেলিভিশনের মালিক সুভাষ চন্দ্রের কাছে। পরের দিনেই সোনিয়া গান্ধী পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বদল করে বহু যুদ্ধের সৈনিক দুই প্রবীণ নেতা কমল নাথ ও গুলাম নবী আজাদকে দায়িত্ব দেন। তিনি কমল নাথ ও আজাদকে এআইসিসির সাধারণ সম্পাদক করেছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠজন মধুসূদন মিস্ত্রি ও শাকিল আহমেদকে সরিয়ে। আর মূল বিতর্ক শুরু হয়েছে কমল নাথকে ঘিরেই।
উল্লেখ্য, ১৯৮৪ সালের দিল্লি দাঙ্গায় কমল নাথের সংস্রব নিয়ে মারাত্মক প্রশ্ন উঠেছিল। তিন দিনে সাড়ে তিন হাজারেরও বেশি শিখ খুন হওয়ার তিন দশক পরেও কোনো অভিযুক্ত নেতার শাস্তি হয়নি।
তাই পাঞ্জাবের শাসক অকালি দল এই প্রশ্নই নতুন করে তুলেছে। মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বলেছেন, ‘শিখ সম্প্রদায়ের কাছে এটা চূড়ান্ত অপমান। এমন একজনকে দায়িত্ব দেওয়া হলো যাঁর হাতে শিখদের মরতে হয়েছে।’
পাঞ্জাবে আগামী বছরের ভোটে অকালি দলের কবল থেকে রাজ্যকে মুক্ত করতে কংগ্রেস এখনো ভরসা করছে সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ওপর। আর পাঞ্জাবে ক্ষমতা দখল করতে জোর কদমে এগোনো আম আদমি পার্টির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিতর্কে জড়িয়ে অমরিন্দর সিংকে প্রশ্ন ছুড়েছেন, ‘আপনি কি কমল নাথকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন? পরিষ্কার করে এই কথাটা আপনার বলা উচিত।’
কিন্তু কংগ্রেস এই বিতর্ক গায়ে মাখছে না। সরকারিভাবে দলের বক্তব্য, সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে এই মামলার বিচার চালাচ্ছে। বহু তদন্ত কমিশন হয়েছে। অনেক মামলা খারিজ হয়ে গেছে। কিছু মামলা চলছে। এর মধ্যে গতকাল সোমবার কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী পাঞ্জাব সফরে গিয়ে চলমান বিতর্ক নিয়ে কিছুই বলেননি। বরং তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল অকালি দল। সফরে মাদক সমস্যাকেই বড় করে তুলে ধরে রাহুল বিভিন্ন জনসভায় বলেন, ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই কংগ্রেস রাজ্যকে মাদকমুক্ত করে দেবে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেই সমস্যার সমাধান হয়। কিন্তু অকালি দল নিজেদের স্বার্থেই তা করছে না।