রাজ্যসভায় তৃণমূল প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস?
বিজেপিকে হারাতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে কংগ্রেস কি তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়কে সমর্থন করতে চলেছে? সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে এই জল্পনাই বড় হয়ে উঠেছে।
বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কংগ্রেসের পি জি কুরিয়েন। তাঁর মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষে। বর্ষাকালীন অধিবেশনের শুরু ১৮ জুলাই। চলবে ১০ আগস্ট পর্যন্ত। নির্বাচন তার আগেই। সুখেন্দু শেখরকে তৃণমূল কংগ্রেস এখনো তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তবে কংগ্রেস সূত্রের খবর, বিজেপিকে ঠেকাতে তৃণমূল প্রার্থীকে সমর্থনের সম্ভাবনা প্রবল।
বিরোধী প্রার্থীকে জিততে হলে বিজু জনতা দল ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সমর্থন প্রয়োজন। মমতা যে ফেডারেল ফ্রন্ট গঠনের কথা তুলেছেন, ওই দুই দল তার সমর্থক। কংগ্রেস প্রার্থীকে তারা যে সমর্থন করবে, সেই নিশ্চয়তা নেই। কংগ্রেস প্রার্থী দিলে তারা যে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে না, নিশ্চয়তা নেই তারও। কংগ্রেসের এই মুহূর্তের ভাবনা, ডেপুটি চেয়ারম্যানের পদে বিজেপি-বিরোধী প্রার্থীকে জেতাতে না পারলে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে বিরোধী জোট গঠনের উদ্যোগও ধাক্কা খাবে।
সুখেন্দু শেখর জানিয়েছেন, দল এখনো তাঁকে এ বিষয়ে কিছু জানায়নি। দলীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েনও বলেছেন, এ বিষয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
রাজ্যসভার মোট আসন ২৪৫। এর মধ্যে বিজেপির সদস্য ৬৯, কংগ্রেসের ৫১। তৃণমূল কংগ্রেস, এআইএডিএমকে ও সমাজবাদী পার্টির প্রত্যেকের সদস্য ১৩ জন করে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (৬), তেলেগু দেশম (৬) এবং বিজু জনতা দলের (৯) ওপরেই নির্ভর করছে কংগ্রেস না বিজেপি, কোন জোটের প্রার্থী জয়ী হবেন।