রাজ্যসভায় মোদি সরকারের বিরুদ্ধে সবাই একজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর হতাশা গোপন রাখেননি, কাল সোমবার হতাশ হতে পারে গোটা পশ্চিমা দুনিয়া। কেননা, বিমা খাতে বিদেশি বিনিয়োগের হার ২৬ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার বিরুদ্ধে কংগ্রেসসহ অধিকাংশ বিরোধী দল রাজ্যসভায় একজোট হয়েছে। তাদের দাবি, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।
কাল রাজ্যসভায় বিলটি পাস করাতে এনডিএ সরকার বদ্ধপরিকর। দেশের বিমা খাত বিদেশি লগ্নিকারীদের কাছে খুলে দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। বিদেশি বিনিয়োগের হার বেঁধে দেওয়া হয়েছিল ২৬ শতাংশে। সেই হার ৪৯ শতাংশ করতে বিদেশি লগ্নিকারীরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছেন। ২০০৮ সালে সরকার প্রয়োজনীয় বিলও এনেছিল। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। নানা সংশোধনের পর ২০১১ সালে সেটি রাজ্যসভায় পাঠানো হলেও কংগ্রেস সরকার তা পাস করাতে উদ্যোগী হয়নি। নরেন্দ্র মোদির সরকার বিলটি পাস করাতে কাল রাজ্যসভায় পেশ করবে। বিল নিয়ে বিতর্কের জন্য চার ঘণ্ট সময় নির্ধারিত রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে অভূতপূর্ব বিরোধী ঐক্য। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল ও জনতা দল (সংযুক্ত) এবং দুই কমিউনিস্ট পার্টি—মোট নয়টি দল একজোট হয়ে বিলটির বিরোধিতায় নেমেছে। তারা সবাই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে আগ্রহী।
লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় এনডিএর হাল খুবই খারাপ। এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্যসংখ্যা ২৪২। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১২২ জনের সমর্থন লাগলেও সেখানে এনডিএর আছে মাত্র ৬১ জন সদস্য। এআইএডিএমকে ও বিজু জনতা দল সরকারকে সমর্থন দিচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। বিএসপি ও এসপির সমর্থন পেতে বিজেপি মরিয়া। কিন্তু তারা কংগ্রেস ও তৃণমূলের বিরোধিতাকে সমর্থন করছে। ফলে ভোটাভুটি হলে বিলটি পাস হওয়া কঠিন। অবশ্য বিরোধিতার নামে কোনো দল ওয়াক আউট করলে অঙ্ক গুলিয়ে যেতে পারে।
প্রশ্ন হলো কংগ্রেস কেন বিরোধিতা করছে। কংগ্রেসই তো বিদেশি বিনিয়োগের হার ২৬ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করতে চেয়েছিল? বিলে তো সেটাই বলা হয়েছে? কংগ্রেসের বক্তব্য হলো, তাদের আমলে যে বিলটি চূড়ান্ত হয়েছিল, তাতে বিজেপি আরও ১১টি সংশোধন এনেছে। তা ছাড়া তারা বিমা খাতকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারীদের (এফডিআই) পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) কাছেও উন্মুক্ত করতে চাইছে। তাই কংগ্রেস চায়, বিষয়টি আরও খতিয়ে দেখতে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কংগ্রেস সদস্য রাজীব শুক্ল বলেন, বিজেপি নতুন সংশোধন এনেছে। তা ছাড়া এফআইআইকে অনুমতি দেওয়ার বিষয়টিও ভেবে দেখা দরকার। কারণ, তারা যেকোনো মুহূর্তে লগ্নি প্রত্যাহার করে নিতে পারে।
তৃণমূল কংগ্রেস সদস্য ডেরেক ও’ব্রায়ান প্রথম আলোকে বলেন, ‘বিমা খাতে বিদেশি লগ্নি আসতে না দেওয়াটা আমাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গ। আমাদের পিছু হটার কোনো সম্ভাবনাই নেই।’
বিমা খাতে এই সংস্কার কংগ্রেস করতে চেয়েও পারেনি। বিজেপি সেই অসমাপ্ত কাজ শেষ করে পশ্চিমা দুনিয়ার কাছে ভারতীয় বাজার খুলে দিতে চাইছে। সরকারের ভাবমূর্তির জন্য তা দরকারও। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উদ্যোগে বাণিজ্য প্রসার চুক্তিতে সম্মতি না দিয়ে ভারত পশ্চিমা দুনিয়ার চোখে এই মুহূর্তে ভিলেন। বিমা বিল পাস করিয়ে সরকার তা প্রশমনে আগ্রহী। কিন্তু বিরোধী ঐক্য অটুট থাকলে তা সম্ভব হবে না।