রাজ্যসভায় শচীন রেখা দিনের পর দিন গরহাজির

ভারতীয় সংসদে উচ্চকক্ষ রাজ্যসভায় দিনের পর দিন গরহাজির থাকায় সাবেক টেস্ট ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও অভিনেত্রী রেখা আবারও সমালোচিত হলেন। সমাজবাদী পার্টির সদস্য নরেশ আগরওয়াল গতকাল মঙ্গলবার সরাসরি বলেন, দিনের পর দিন ওঁরা সভায় আসেন না। কালেভদ্রে এলেও কোনো বিতর্কে অংশ নেন না। সংসদীয় বিষয়ে আগ্রহ না থাকলে ওঁদের পদত্যাগ করা উচিত।
ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট ১২ জনকে মনোনীত করতে পারেন। সমাজের বিভিন্ন অংশের কৃতীদের রাষ্ট্রপতি এই সম্মান দেন, যাতে তাঁরা বিভিন্ন বিষয়ে তাঁদের অভিমত সরকারকে জানাতে পারেন। রেখা ও শচীনকে এভাবে মনোনীত করা হয়েছিল। কিন্তু ছয় বছরের মেয়াদে তাঁরা ছয় দিনও সংসদে এসেছেন কি না, সন্দেহ। বিরক্ত নরেশ আগরওয়াল শুক্রবার বলেন, ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়াকে যদি সভার সদস্যরা প্রস্তাব এনে বহিষ্কার করতে পারেন, তাহলে রেখা-শচীনদের মতো অনাগ্রহী সাংসদদের কেন বহিষ্কার করা হবে না? দিনের পর দিন সংসদে অনুপস্থিত থাকার জন্য রেখা ও শচীন এর আগেও সমালোচিত হয়েছিলেন। তাতে অবশ্য তাঁদের হাজিরা বাড়েনি।