রাজ্যসভায় শীর্ষ দল হিসেবেই থাকছে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যসংখ্যা সামান্য কমলেও এখন পর্যন্ত কংগ্রেসই ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার শীর্ষ দল। আজ শনিবার রাজ্যসভার ভোটের শেষে বিজেপি তাদের শক্তি কিঞ্চিৎ বাড়ালেও গুরুত্বপূর্ণ বিল পাস করার ক্ষেত্রে এখনো শাসক দলকে বিরোধীদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে। 

দেশের ১৫টি রাজ্যের মোট ৫৭টি রাজ্যসভার আসনের মধ্যে আট রাজ্যের ৩০টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। কাজেই শনিবারের ভোটে রাজনৈতিক মহলের দৃষ্টি ছিল সাত রাজ্যের ২৭টি আসনের ওপর; যেখানে ‘ক্রস ভোটিং’-এর আশঙ্কা দিন দিন বড় হয়ে ওঠে। বিজেপির প্রধান লক্ষ্য ছিল, রাজ্যসভায় কংগ্রেসের আধিপত্যে যতটা সম্ভব ঘা দেওয়া। সে জন্য বেশ কিছু রাজ্যে তারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেয়, যাতে কংগ্রেস বাড়তি আসন না পেতে পারে।
ঝাড়খন্ডের একটি আসনে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জয়ী হলেও দ্বিতীয় আসনে কংগ্রেস-বিজেপি লড়াই তীব্র হয়ে ওঠে। কংগ্রেস-সমর্থিত ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থীকে ঠেকাতে এক বিধায়ককে গ্রেপ্তারের বিরুদ্ধে কংগ্রেস আদালতের শরণাপন্ন হয়। একই রকম ক্ষুরধার লড়াই ছিল হরিয়ানাতেও। সেখানে লড়াই হয় বিজেপি-সমর্থিত ‘জি’ টেলিভিশনের মালিক সুভাষচন্দ্রর সঙ্গে কংগ্রেস-সমর্থিত লোকদলের আইনজীবী প্রার্থী আর কে আনন্দের। এ রাজ্যের ফলাফল সন্ধ্যার কিছু পরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হয়নি। উত্তরাখন্ডের একমাত্র আসনে কংগ্রেস প্রার্থী প্রদীপ টামটা জয়ী হন। রাজস্থানের চার আসনেই জিতে যান বিজেপির প্রার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। উত্তর প্রদেশে মূল নজর ছিল কংগ্রেসের সাবেক মন্ত্রী কপিল সিবালকে জেতাতে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি সমর্থনের হাত বাড়ায় কি না। এই রাজ্যে সমাজবাদী পার্টির সাত প্রার্থীই জিতেছেন।