রাজ্যসভায় শুধু বিজেপিই মুসলিম মনোনয়ন দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিজেপির উত্থান মুসলমান সাংসদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলেও একমাত্র এই দলটিই রাজ্যসভায় তাদের দুই মুসলমান সদস্যকে আবার মনোনীত করেছে। চলতি মাসে রাজ্যসভার ৫৮ আসন খালি হয়েছে। এঁদের মধ্যে মুসলমান সদস্যসংখ্যা ছিল ছয়। খুব সম্ভবত এঁদের মধ্য থেকে মাত্র দুজনই পুনর্নির্বাচিত হচ্ছেন। সৌজন্যে বিজেপি।
বিজেপির যে দুজন রাজ্যসভার সদস্য ছিলেন, তাঁদের একজন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, অন্যজন সাংবাদিক ও বিজেপির মুখপাত্র এম জে আকবর। এবারও বিজেপি তাঁদেরই মনোনয়ন দিয়েছে। কংগ্রেসের সদস্যদের মধ্যে মুসলমান ছিলেন দুজন। রাজস্থান থেকে আসক আলি টাক ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মোহসিনা কিদোয়াই। কংগ্রেস এবার যাঁদের নাম এখন পর্যন্ত ঘোষণা করেছে, তাঁদের মধ্যে এই দুজনের স্থান তো নেই-ই, এমনকি একজনও মুসলমান নেই। বাকি দুই মুসলমান সদস্যের মধ্যে একজন ছিলেন বহুজন সমাজ পার্টির সেলিম আনসারি, অন্যজন জনতা দলের (সংযুক্ত) গুলাম রসুল বালায়ি। এই দুই দল এবার একজন মুসলমানকেও পাঠাচ্ছে না। ফলে ছয় মুসলমান সদস্যের মধ্যে মাত্র দুজন ফিরে আসছেন।
দুই বছর আগে ২০১৪ সালের লোকসভা ভোটে ৫৪৫ জন সদস্যের মধ্যে মুসলমান ছিলেন মাত্র ২৩ জন। এত কম মুসলমান এর আগে লোকসভায় কোনো দিন ছিলেন না। কারণ বিজেপির উত্থান। উত্তর প্রদেশের মোট ৮০টি আসনের একটিতেও কোনো মুসলমান প্রার্থী জিততে পারেননি। এ ঘটনা কোনো দিন হয়নি। এবার বহুজন নেত্রী মায়াবতী রাজ্যসভায় মুসলমান সদস্যের জায়গায় পাঠাচ্ছেন দুই ব্রাহ্মণকে। এঁরা হলেন সতীশ মিশ্র ও অশোক সিদ্ধার্থ।
বিজেপি যে কারণে তাঁদের দুই মুসলমান মুখকে অপরিবর্তিত রাখল, সেই উত্তর প্রদেশের ভোটের দিকে তাকিয়েই মায়াবতী মুসলমানের জায়গায় দুই ব্রাহ্মণকে মনোনীত করেছেন। আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা দখলে নিতে বিজেপি মরিয়া। মুক্তার আব্বাস নাকভি এই রাজ্যেরই রাজনীতিক। রাজ্যের শিক্ষিত মুসলমান মহল এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে বিজেপির সমর্থন সেই অটল বিহারি বাজপেয়ির আমল থেকেই। বিজেপির বিশ্বাস, মোদির উন্নয়নমুখী প্রকল্পের দরুন রাজ্যে সংখ্যালঘু সমর্থন বাড়ছে। এই সুযোগ তারা হাতছাড়া করতে চায় না। একই রকম, সমাজবাদী পার্টির দখলমুক্ত করে রাজ্যে আবার ক্ষমতায় আসতে মায়াবতী মরিয়া। দুই ব্রাহ্মণকে রাজ্যসভায় পাঠিয়ে বিজেপির উচ্চবর্ণ ভোটে ভাগ বসাতে চান দলিত নেত্রী। সংসদের বাজেট অধিবেশনের সময় রাজ্যসভায় মুসলমান সদস্যসংখ্যা ছিল ২৪, এবার সেটা কমে দাঁড়াচ্ছে ২০।