রাজ্যসভায়ও বিচারপতি নিয়োগ বিল পাস
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল বৃহস্পতিবার পাস হয়ে গেল বিচারপতি নিয়োগসংক্রান্ত বিল। এর ফলে সুপ্রিম কোর্টসহ দেশের ২৪টি হাইকোর্টের বিচারপতি নিয়োগ শুধু সুপ্রিম কোর্টের হাতে থাকছে না। বিচার বিভাগ ও আইনসভা মিলে নিয়োগ দেবে। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাস হয়।
কংগ্রেসসহ অন্য রাজনৈতিক দলের দাবি মেনে সরকার বিমা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠাতে বাধ্য হয়েছে বিচারপতি নিয়োগের নিয়মে পরিবর্তন এবং বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের হার ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করতে উদ্যোগী হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। কিন্তু বিজেপির বিরোধিতায় তা সম্ভব হয়নি। এখন বিজেপি সরকার সেই বিল দুটিতে সামান্য পরিবর্তন করে নিয়ে আসে। বিচারপতি নিয়োগসংক্রান্ত বিলে কংগ্রেসের সংশোধনী সরকার মেনে নেয়। ফলে বিলটি পাস হতে বিশেষ অসুবিধা হয়নি। কিন্তু বিমা বিলে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকেও (এফআইআই) ৪৯ শতাংশ অনুমতির আওতায় নিয়ে আসায় কংগ্রেস বিলটি আরও পরীক্ষার দাবি জানায়। কংগ্রেসের সাহায্য ছাড়া এই বিল রাজ্যসভায় পাস করা সম্ভব নয়। তাই সরকার সংঘাতের রাস্তায় না গিয়ে বিরোধীদের দাবি মেনে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
বিচারপতি নিয়োগসংক্রান্ত বিলটিকে সাংবিধানিক বৈধতা দিতে সংবিধান সংশোধন বিলটি প্রথমে পাস করানো হয়। তারপর নিয়োগসংক্রান্ত বিলটি পাস হয়। আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ মোট পাঁচজন জ্যেষ্ঠ বিচারপতির ‘কলেজিয়াম’ সুপ্রিম কোর্টসহ দেশের ২৪টি হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিত। বর্তমান বিলে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে ছয়জনের কমিটিকে। তাতে প্রধান বিচারপতি ছাড়াও থাকবেন সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং সমাজের দুই বিশিষ্ট নাগরিক। তবে এই দুই বিশিষ্ট নাগরিকের একজনকে হতে হবে মহিলা অথবা তফসিল জাতি, উপজাতি কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের।
এবার এই বিলকে ৫০ শতাংশ রাজ্য বিধানসভার অনুমোদন নিতে হবে। তারপর এটি পাঠানো হবে রাষ্ট্রপতির সইয়ের জন্য।