রাজ্যে রাজ্যে কংগ্রেস বিপাকে
ভারতে রাজ্যে রাজ্যে কংগ্রেসে বিক্ষোভ শুরু হয়েছে। এই মুহূর্তে কংগ্রেসের সিদ্ধান্তহীনতা হরিয়ানাকে ঘিরে। রাজ্যসভার ভোটে তারা কী করবে, সে নিয়ে এখনো দল ও রাজ্য নেতৃত্ব কিছু স্থির করে উঠতে পারেনি। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে গত মঙ্গলবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বৈঠকেও সুরাহা হয়নি। ভোট ১১ জুন।
কংগ্রেসের সমস্যা এক এক রাজ্যে এক এক ধরনের। ত্রিপুরায় কংগ্রেসে বিক্ষোভ পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে হাত মেলানোর ফলে। সেই রাজ্যের সাবেক কংগ্রেস নেতা সমীর বর্মণ ও তাঁর ছেলে বিদ্রোহ করে প্রায় সবাইকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল এখন ওই রাজ্যে প্রধান বিরোধী দল। মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা গুরুদাস কামাথ দল ছেড়েছেন। তাঁর ক্ষোভ রাহুলের নেতৃত্ব ঘিরে। এখনো কোনো দলে যোগ তিনি দেননি ঠিকই, কিন্তু তাঁর দলত্যাগ রাজ্যে কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা। ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী অজিত যোগীও ছেলেসহ কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন। তাঁরও ক্ষোভ রাহুলের বিরুদ্ধে।
>রাজ্যে রাজ্যে কংগ্রেসের এই বিক্ষোভ কাকতালীয়ভাবে সেই সময় শুরু, যখন দলে রাহুলের পূর্ণ ক্ষমতায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই সক্রিয়
রাজ্যে রাজ্যে কংগ্রেসের এই বিক্ষোভ কাকতালীয়ভাবে সেই সময় শুরু, যখন দলে রাহুলের পূর্ণ ক্ষমতায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই সক্রিয়। দলের প্রবীণদের স্থানে নবীনদের নিয়ে আসার উদ্যোগকে কেন্দ্র করে কংগ্রেসে ইতিমধ্যেই একটা চাপা অসন্তোষ দেখা দিয়েছে। তার প্রভাব সভানেত্রী সোনিয়া গান্ধীর ওপরও পড়েছে। দলের কেউ কেউ মনে করছেন, এইভাবে রাজ্যে রাজ্যে প্রভাবশালী ব্যক্তিরা দলত্যাগ করতে থাকলে তা রাহুলের প্রতি অনাস্থারই প্রকাশ বলে মনে করা হবে। তা বন্ধে সোনিয়া সক্রিয় না হলে দলের দুর্দিন। ইতিমধ্যে সোনিয়ার ওপর সে জন্য চাপ সৃষ্টি হচ্ছে।
হরিয়ানার সমস্যাটাও এই আলোয় দেখা হচ্ছে। এই রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসে ২০১৪ সালে। ৯০ সদস্যবিশিষ্ট বিধানসভায় বিজেপি পায় ৪৭ আসন, ভারতীয় জাতীয় লোকদল ১৯টি, কংগ্রেস ১৫, হরিয়ানা জনহিত কংগ্রেস ২টি, বাকি অন্যরা। জনহিত কংগ্রেস পরে কংগ্রেসে মিশে যায়। কিন্তু তাতেও কংগ্রেস এই রাজ্য থেকে রাজ্যসভায় একটি আসনও জিততে পারবে না। বিজেপি একটি আসন নিশ্চিত জিতছে। বাড়তি ভোট নিয়ে তারা সমর্থন দিচ্ছে জি টেলিভিশনের মালিক সুভাষচন্দ্রকে। লোকদল আবার প্রার্থী করেছে বিশিষ্ট আইনজীবী আর কে আনন্দকে। আনন্দ এর আগে কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় জিতেছিলেন। হরিয়ানার লোকদল নেতা ওমপ্রকাশ চৌটালা সেই চেষ্টায় খামতি রাখছেন না। কিন্তু কংগ্রেসের একটি গোষ্ঠী সুভাষচন্দ্রকে সমর্থনের পক্ষে। সুভাষচন্দ্র শুধু প্রভাবশালীই নন, ইদানীং বিজেপির খুবই কাছেরও। এই অবস্থায় হরিয়ানায় কংগ্রেস অটুট থাকে কি না সেই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। রাহুলের সঙ্গে মঙ্গলবার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বৈঠকে কোনো সুরাহা হয়নি।