রাফাল যুদ্ধবিমানের চুক্তিতে আরও সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চণ্ডীগড়ে গতকাল জাদুঘর ও আর্ট গ্যালারি পরিদর্শন করার সময় স্থানীয় লোকনৃত্যশিল্পীদের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l ছবি: রয়টার্স
চণ্ডীগড়ে গতকাল জাদুঘর ও আর্ট গ্যালারি পরিদর্শন করার সময় স্থানীয় লোকনৃত্যশিল্পীদের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l ছবি: রয়টার্স

নয়াদিল্লি পৌঁছেই ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়ে দিয়েছেন, ভারতের কাছে রাফাল যুদ্ধবিমান বিক্রির চুক্তি শিগগিরই হচ্ছে না। ভারত ফ্রান্সের কাছে থেকে ৩৬টি রাফাল কিনতে চায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তিন দিনের সফরে গতকাল রোববার ভারত সফরে এসেছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। ওলাঁদের এই সফর ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল যে এ দফাতেই ভারতের প্রত্যাশিত যুদ্ধবিমান কেনার চুক্তি হয়ে যাবে। তবে গতকাল চণ্ডীগড়ে সাংবাদিকদের ওলাঁদ বলেন, যুদ্ধবিমানগুলো নিয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তির আগে আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা ওই চুক্তির বিষয়ে আরও একটি ধাপ এগিয়ে যাচ্ছি। আমার মনে হয়, ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার ক্ষেত্রে সেটি ভূমিকা রাখবে।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের বিমানগুলোর প্রয়োজন রয়েছে। আর ফ্রান্সেরও রয়েছে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধবিমান। দুই সরকারের আলোচনার পরই এসব কেনার বাণিজ্যিক চুক্তি হবে। এসব বিষয় নিয়ে আমার সফরে আলোচনা হবে।’
সফরের আগে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে ওলাঁদ বলেন, ‘যুদ্ধবিমান কেনার জন্য চুক্তিতে সময় লাগবে। তবে আমরা সে বিষয়ে সঠিক পথেই আছি।’
গত বছরের এপ্রিল মাসে ফ্রান্স সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের রাফাল যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেন। ভারতের সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ঘোষণা আসে। ২০১২ সালে ফ্রান্সের দাসুল এভিয়েশনের সঙ্গে বিমানগুলো কেনার চুক্তি হয়। কিন্তু এরপর থেকে তা আর বিশেষ এগোয়নি। মোদির ফ্রান্স সফরে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

গতকাল চণ্ডীগড়ে পৌঁছে মোদি ও ওলাঁদ সেখানকার বিখ্যাত রক গার্ডেনে সময় কাটান। সফরে ওলাঁদের সঙ্গে আছেন তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য এবং ফরাসি ব্যবসায়ীদের একটি বড় দল। গতকাল সন্ধ্যায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে ওলাঁদ ভাষণ দেন।

আজ ফ্রাঁসোয়া ওলাঁদ ও নরেন্দ্র মোদি মহারাষ্ট্রে ফ্রান্সের তৈরি ছয়টি পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা দেবেন বলে জানা গেছে। তাঁরা ১২১টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।