রাফালের প্রথম স্কোয়াড্রন পশ্চিমবঙ্গে মোতায়েন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফাল যুদ্ধবিমান l ফাইল ছবি
রাফাল যুদ্ধবিমান l ফাইল ছবি

ভারত তার নতুন কেনা রাফাল যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করবে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রনটি মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে। চীনের বিরুদ্ধে প্রচলিত অস্ত্র এবং পরমাণু উভয় ধরনের প্রতিরোধব্যবস্থা সুদৃঢ় করার পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ।

ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান বর্তমানে উত্তর-পূর্ব ভারতের আসামের তেজপুর এবং চাবুয়া থেকে কার্যক্রম
পরিচালনা করছে। বিমানবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯ সালের শেষ ভাগে ফ্রান্স থেকে কেনা ১৮টি রাফাল যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের হাশিমারা বিমানঘাঁটিতে মোতায়েন করবে।

ভারতের পরমাণু অস্ত্রবাহী ব্যা​িলস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এবং অগ্নি-৫ এর পরীক্ষার মধ্যে রাফাল নিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হলো। হাশিমারা বিমানঘাঁটিতে বর্তমানে মিগ-২৭ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এগুলো আগামী দু-তিন বছরের মধ্যে বাতিল হয়ে যাবে। তখন নতুন যুদ্ধবিমান এর স্থলাভিষিক্ত হবে।

বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশের শর্শা ঘাঁটিতে রাফালের দ্বিতীয় ঘাঁটি হতে পারে।

ফ্রান্সের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২২ সালের মধ্যে ভারতের ৩৬টি রাফাল বিমান পাওয়ার কথা। এর জন্য খরচ হবে ৫৯ হাজার কোটি রুপি।