রাফায়েল চুক্তি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা
রাফায়েল চুক্তি নিয়ে মামলা শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ফরাসি এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা-বেচায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে এক জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে মামলাটি তালিকাভুক্ত হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও এ এম খানবিলকরের এজলাসে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি করেছেন আইনজীবী এম এল শর্মা।
ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল বিমান কেনা নিয়ে ২০১৫ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি হয়। এই চুক্তি নিয়ে ভারতের শাসক দল বিজেপির সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরোধ এখন তুঙ্গে। ২০০৮ সালে তৎকালীন ইউপিএ সরকারের সঙ্গে ফ্রান্সের যে চুক্তি হয়েছিল, তা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে নতুন চুক্তি করেন। নতুন চুক্তিতে অনেক বেশি দাম দিয়ে অনেক কম যুদ্ধবিমান কেনা হচ্ছে। আগের চুক্তিতে লাভবান হতো ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। কেননা ওই সংস্থায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ১০৮টি রাফায়েল তৈরি হওয়ার কথা ছিল। নতুন চুক্তিতে লাভবান হবে ভারতের এক বেসরকারি সংস্থা।
কংগ্রেসের অভিযোগ, পুরোনো চুক্তি বাতিল করে তিনগুণ দাম দিয়ে যুদ্ধবিমান কেনা হচ্ছে এবং প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ শিল্পপতিদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। অভিযোগের তদন্তে কংগ্রেস যুগ্ম সংসদীয় কমিটি গঠনের দাবি করেছে, যা কেন্দ্রীয় সরকার এখনো মানেনি।
কেন্দ্রীয় সরকার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে সরকার সংসদে আলোচনাতেও রাজি হয়নি। এমনকি বিমানপ্রতি কত খরচ পড়ছে, চুক্তিতে গোপনীয়তার ধারা থাকায় সরকার তা-ও জানাতে অস্বীকার করেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে মামলা নিয়ে কী অভিমত জানান, তা আগ্রহ বাড়িয়েছে। তবে রাফায়েল বিতর্ক সরকারকে সচকিত করেছে।
রুশ সংস্থা ‘কালাশনিকভ কনসার্ন’কে ভারত জানিয়েছে, একে-১০৩ অ্যাসল্ট রাইফেল তৈরি করতে হলে ওই সংস্থাকে চুক্তি করতে হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড’-এর সঙ্গে, কোনো বেসরকারি সংগঠনের সঙ্গে নয়। বেসরকারি সংস্থা আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে কালাশনিকভ কনসার্ন ভারতে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের উন্নততর সংস্করণ একে-১০৩ তৈরিতে আগ্রহ দেখিয়েছে। আদানি গোষ্ঠী প্রধানমন্ত্রী মোদির অতি ঘনিষ্ঠ। অস্ত্র তৈরির কোনো অভিজ্ঞতা এই সংস্থার নেই। রাফায়েল চুক্তিতে ‘হ্যাল’কে বঞ্চিত করে শিল্পপতি অনিল আম্বানির সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগে সমালোচিত কেন্দ্রীয় সরকার রাশিয়ার সঙ্গে রাইফেল চুক্তিতে সেই ভুল দ্বিতীয়বার করতে চাইছে না। সরকারি সূত্র বলছে, রুশ সংস্থাকে বলা হয়েছে- কালাশনিকভ রাইফেল তৈরি করতে গেলে তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে হাত মেলাতে হবে। ভারত সাড়ে ৬ লাখ একে-১০৩ কিনতে চায়। পুরোটাই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতে তৈরি করার কথা।