
ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে গ্রেপ্তারের পর সহিংস হয়ে ওঠা উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের কোথাও নতুন করে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি গতকাল শনিবার। সহিংস এলাকায় সেনা টহল চলছে। সিরসায় রাম রহিমের প্রধান ডেরা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। সেখানে আটকা পড়েছে ধর্মগুরুর লক্ষাধিক ভক্ত।
শুক্রবারের তাণ্ডবের জন্য আদালত দায়ী করেছেন হরিয়ানা রাজ্য সরকারকে। গতকাল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট বলেছেন, রাজনৈতিক কারণেই রাজ্য সরকার ডেরা অনুগামীদের তাণ্ডব চালাতে দিয়েছে। হাইকোর্টের আরও নির্দেশ, ধর্ষক ধর্মগুরুকে যেন কিছুতেই ভিআইপি সুবিধা না দেওয়া হয়।
দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত হাঙ্গামায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় ৩০০ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সরকারি সম্পত্তির ক্ষতিপূরণে হাইকোর্ট রাম রহিমের ডেরা সচ সউদার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল সকালে তাঁর বাসভবনে জরুরি বৈঠক ডাকেন। সরকারি সূত্রের খবর, সেনাবাহিনীকে এখনই মূল ডেরায় ঢুকতে বারণ করা হয়েছে। সরকার চাইছে, ডেরায় আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ আগে বেরিয়ে আসুন। তারপর প্রয়োজনে সেনা ঢুকবে।
রাজ্য সরকারের ধারণা, ৮০০ একর জমিতে তৈরি রাম রহিমের মূল ডেরায় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে। হরিয়ানা ও পাঞ্জাবের যে শহরগুলোয় শুক্রবার কারফিউ জারি করা হয়েছিল, গতকাল কিছু সময়ের জন্য তা শিথিল করা হয়, সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে পারেন।
কাল সোমবার রাম রহিমের শাস্তির পরিমাণ নির্ধারিত হবে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, ওই দিন রায় ঘোষণার সময় রাম রহিমকে পাঁচকুলার আদালতে হাজির করা হবে না। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের শাস্তি ন্যূনতম সাত বছরের সশ্রম কারাদণ্ড।
রাম রহিমের মূল ডেরা ঘিরে রাখা হলেও হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন এলাকার মোট ৩৬টি ‘নাম চর্চা’ ঘর পুলিশ বন্ধ করে দিয়েছে।
শুক্রবারের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর গতকালও অব্যাহত ছিল। পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট যে ভাষায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছেন রাজনৈতিক স্বার্থে এই গোলমাল চালাতে দেওয়া হয়েছে, তা শাসক দল বিজেপির পক্ষে যথেষ্টই বিড়ম্বনার।
বিজেপির নয়, মোদি ভারতের প্রধানমন্ত্রী
এনডিটিভি জানায়, পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিজেপির নয়, ভারতের প্রধানমন্ত্রী’। রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করার ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাব ও হরিয়ানায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত ওই কথা বলেন। কেন্দ্র সরকারের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্য পাল জৈন আদালতকে বলেন, গত শুক্রবারের সহিংসতার ঘটনা রাজ্যের অভ্যন্তরীণ বিষয় ছিল। তাঁর এই জবাবে আদালত প্রশ্ন করেন, ‘হরিয়ানা কি ভারতের অংশ নয়? পাঞ্জাব এবং হরিয়ানা কেন সৎ সন্তানের মতো আচরণ পাবে?’ আদালত বলেন, ‘আপনারা পরিস্থিতিকে খারাপ হতে দিয়েছেন। আপনারা পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছেন।’