রামমন্দিরের চাঁদার ১৪০০ কোটি রুপি আত্মসাৎ!
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণের নামে তোলা চাঁদার ১ হাজার ৪০০ কোটি রুপি তছরুপের অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে। আর এ অভিযোগ তুলেছে অযোধ্যার নির্মোহী আখড়া। আরও অভিযোগ উঠেছে, এই টাকা খরচ করে উত্তর প্রদেশে ক্ষমতায় আসে বিজেপির যোগী আদিত্য নাথ।
আখড়ার অন্যতম সদস্য সীতারাম এ অভিযোগ তুলেছেন। তিনি সংবাদমাধ্যমে আরও বলেছেন, দুর্নীতির সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। যদিও বিশ্ব হিন্দু পরিষদ এ অভিযোগ খারিজ করে দিয়েছে। নির্মোহী আখড়ার সীতারাম বলেছেন, এখানে বেশ কয়েকটি ভুয়া সংস্থাও বানানো হয়েছে। তিনি বলেছেন, ‘আমরা ভগবান রামের সন্তান। তাঁর সেবক। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছে। যার মধ্যে অন্তত ১ হাজার ৪০০ কোটি রুপি আত্মসাৎ করেছেন পরিষদের নেতারা। এই টাকার জোরেই উত্তর প্রদেশে সরকার গড়া হয়েছে। অথচ মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ রামমন্দির তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন না। ভগবান রামের নামে ক্ষমতায় এসে যোগী ভুলে গেছেন রামকে।’
এ অভিযোগকে ভিত্তিহীন বলে খণ্ডন করে বিশ্ব হিন্দু পরিষদের বিনোদ বনশাল বলেছেন, রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ কারও কাছ থেকে কোনো চাঁদা নেয়নি। ১৯৬৪ সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদ প্রকাশ্যে কাজ করছে। তাদের হিসাবের নিরীক্ষা করানো হয়। প্রতিটি পয়সার হিসাব রাখা হয়। তাই অর্থ তছরুপের অভিযোগ ভিত্তিহীন।