রাশিয়ার শিশুকে হৃদয় দিল ভারতের শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই বছর ১০ মাস বয়সী একটি শিশু যা করেছে, অন্যদের জন্য তা করা বেশ কষ্টেরই। এই বয়সেই ভারতের ব্যাঙ্গালুরুর এক শিশু তার হৃদয় দিয়েছে রাশিয়ার এক শিশুকে। তবে তা হৃদয়জুড়ানো কিছু নয়, বরং হৃদয় ভেঙে যাওয়ার ঘটনা। 

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর শিশুটির মস্তিষ্ক নিষ্ক্রিয় বলে ঘোষণা করা হয়। এর ঘণ্টা খানেকের মধ্যেই তার সচল থাকা হৃৎ​পিণ্ডটি কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। আট ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে রাশিয়ার এক শিশুর দেহে হৃৎ​পিণ্ডটি প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। 
ব্যাঙ্গালুরুর শিশুটি তীব্র জ্বর নিয়ে ১২ ডিসেম্বর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়। জ্বর কমানোর জন্য ইনজেকশন দেওয়া হয়। কিন্তু শিশুটির অবস্থা আরও খারাপ হয়। তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শিশুটির প্রযুক্তিবিদ বাবা ও গৃহিণী মা দুই দিন পর তাকে আরেকটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শিশুটির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার বিকেলে শিশুটির মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়। কর্ণাটকের আঞ্চলিক সমন্বয় কমিটি (জেডসিসিকে) খবর পাওয়া মাত্রই হাসপাতালে গিয়ে শিশুটির গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃৎ​পিণ্ড, কিডনি, যকৃত, চোখ এগুলো সংগ্রহ করে। যাদের এসব অঙ্গ প্রয়োজন, প্রতিষ্ঠানটি তাদের কাছে এগুলো সরবরাহ করে। 
শিশুটির কর্নিয়া দেওয়া হয়েছে নারায়ণ নেত্রালয়ে। যকৃত দেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। কিডনি দেওয়া হয়েছে সাগর হাসপাতালে। ব্যাঙ্গালুরুর হাসপাতালে ভর্তি কোনো চাহিদাসম্পন্ন হৃদ্‌রোগী না থাকায় সেটি চেন্নাইয়ে পাঠানো হয়। 
জেডসিসিকের প্রতিস্থাপন সমন্বয়ক মঞ্জুলা বলেন, চেন্নাইয়ের একটি শিশুর হৃৎ​পিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন ছিল, তাকে ওই শিশুর হৃৎ​পিণ্ডটি দেওয়া হয়।
হৃৎ​পিণ্ড প্রতিস্থাপন সফল হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার শিশুটির অস্ত্রোপচার দলের এক চিকিৎসক। 
সন্তানের জন্য হৃৎ​পিণ্ড পেয়ে আপ্লুত মা বলেন, ‘গত এক মাস ধরে আমরা চেষ্টা করছিলাম। কিন্তু অসুস্থ ছেলের জন্য হৃৎ​পিণ্ড পাচ্ছিলাম না। অবশেষে যখন সেটি এল, আমি স্রষ্টার কাছে দুই হাত তুলে প্রার্থনা করতে থাকলাম—যেন অস্ত্রোপচারটি সফল হয়।’