রাষ্ট্রপতি নির্বাচন: কংগ্রেসের মতও নেবে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলে সহমতে পৌঁছানোর চেষ্টায় বিজেপি তিন সদস্যের এক কমিটি গঠন করল। আজ সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ এই কমিটি গঠন করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও তথ্য সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু কংগ্রেসসহ সব বিরোধী দলের সঙ্গে কথা বলবেন, যাতে সর্বসম্মতিক্রমে পরবর্তী রাষ্ট্রপতিকে বেছে নেওয়া যায়।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৭ জুলাই। মনোনয়নপত্র পেশ করার শেষ তারিখ ২৮ জুন। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। কংগ্রেসসহ ১৭টি দল ইতিমধ্যেই একজোট হয়ে জানিয়েছে, সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। তারা মনে করে, এমন একজনকে রাষ্ট্রপতি করা দরকার, যিনি ধর্মনিরপেক্ষ। প্রণব মুখার্জির নাম না করলেও তারা বুঝিয়ে দিয়েছে, তাঁকে দ্বিতীয় দফার জন্য দায়িত্ব দেওয়া হলে বিরোধীরা রাজি। বিজেপি আনুষ্ঠানিকভাবে এখনো কারও নাম সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি। যদিও রাজস্থানের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নাম শোনা যাচ্ছে। বিজেপি এটুকু জানিয়ে দিয়েছে, তাদের নীতি ও আদর্শে বিশ্বাসী এমন কাউকেই তারা রাষ্ট্রপতি করতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপি ১৫ ও ১৬ জুলাই তাদের জাতীয় কর্মসমিতির দিন বদল করতে পারে।