রাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী হবেন না শারদ পাওয়ার
ভারতের প্রবীণ নেতা শারদ পাওয়ার রাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী হতে নারাজ। বুধবার দিল্লিতে বিরোধী দলের বৈঠকে পাওয়ারের নাম সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়। তবে ৮১ বছর বয়সী মারাঠা এই নেতা তাতে রাজি হননি।
এ পরিস্থিতিতে ঠিক হয়েছে, এনসিপি নেতা শারদ পাওয়ার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অন্যান্য বিরোধী দলের সঙ্গে কথা বলে একজনের নাম প্রস্তাব করবেন। ২১ জুন বিরোধীরা আবার মিলিত হবেন। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন।
পাওয়ার রাজি না হওয়ায় বুধবারের বৈঠকে অন্য দুটি নাম বিবেচিত হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধী এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। গোপালকৃষ্ণ ২০১৭ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন বিজেপির ভেঙ্কাইয়া নাইডুর কাছে। সূত্রের খবর অনুযায়ী, এবার তাঁর নামে সহমত মমতা ও বামপন্থীরা। তবে বুধবারের বৈঠকের পর সাংবাদিকদের কাছে গোপালকৃষ্ণ বা ফারুক আবদুল্লাহর নাম নিয়ে মমতা কোনো মন্তব্য করেননি। তিনি জানান, পাওয়ার রাজি না হলে সবাই মিলে সম্মিলিত বিরোধী প্রার্থীর নাম ঠিক করবেন।
বুধবারের বৈঠকের উদ্যোক্তা ছিলেন মমতা। তাঁর আহ্বানে কংগ্রেস, বামপন্থীসহ মোট ১৭টি দল সাড়া দিলেও বিজেডি, ওয়াই এস আর কংগ্রেস, তেলেগু দেশম, অকালি দল, আম আদমি পার্টি ও টিআরএস যোগ দেয়নি।
সূত্রের খবর, মমতা এই বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য একটি খসড়া প্রস্তাব পেশ করতে চেয়েছিলেন। কিন্তু অন্যান্য বিরোধী দলের আপত্তিতে তা ফলপ্রসূ হয়নি। আপত্তি ওঠে কারণ, এই বৈঠক ডাকা হয়েছিল শুধু বিরোধীদের পক্ষে রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে আলোচনার জন্য। সব বিজেপিবিরোধী দল সহমত না হলে রাষ্ট্রপতি পদে বিজেপি মনোনীত প্রার্থীই জয়ী হবেন।
রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীকে জেতাতে বিজেপি ও তার সহযোগী দলের যত ভোট দরকার, এই মুহূর্তে রয়েছে তা থেকে মাত্র ১৩ হাজার ভোট কম। বিজেডি, ওয়াই এস আর কংগ্রেস বা টিআরএসের যে কেউ সমর্থন দিলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভোটে বিজেপির প্রার্থীর জয় সুনিশ্চিত।