রাষ্ট্রপতি হিসেবে শেষবার পশ্চিমবঙ্গে প্রণব মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পাঁচ বছরের মেয়াদকাল ২৪ জুলাই শেষ হয়ে যাবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন কাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব গত শুক্রবার দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন।

চলতি সফরে প্রথমে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে নিজ এলাকায় যান প্রণব মুখার্জি। এখান থেকেই তিনি সাংসদ হয়েছিলেন। তিনি শুক্রবার রঘুনাথগঞ্জে ফুটবল প্রদর্শনীর উদ্বোধন করেন। একাধিক বিদ্যালয়েরও উদ্বোধন করেন এই দিন। সব মিলিয়ে পুরোনো নির্বাচনী এলাকায় ব্যস্ত জনসংযোগ তৎপরতা চালান প্রবীণ এই রাজনীতিক।

মুর্শিদাবাদের কানিদীঘির সত্যভারতী বিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বারবার বাংলায় আসব। তবে রাষ্ট্রপতি হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। পিছিয়ে পড়া এই মুর্শিদাবাদে আমার মন থাকবে। আমাকে ডাকলেই চলে আসব।’

প্রণব মুখার্জি উল্লেখ করেন, তিনি অবসরের পর জীবনের শেষ সময় কাটাবেন দিল্লির ১০ রাজাজি মার্গের বাংলোয়। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাঁর জীবনের শেষ সময় কাটিয়েছিলেন। সরকার এ বাড়িটিই তাঁর জন্য বরাদ্দ করেছে।

উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে প্রণব মুখার্জি বলেন, ‘দেশের ভবিষ্যৎ তোমরা। বড় হও, মানুষ হও।Äমনের মধ্যে সর্বদা তাজা রাখবে তোমাদের উইল পাওয়ার (ইচ্ছাশক্তি)। দেখবে তারই জোরে তোমরা সব বাধা পেরিয়ে যাবে। একে অপরের সঙ্গে খোলা মনে মেশো। মনে কোনো রকম ভেদাভেদ স্থান দিয়ো না।’

প্রণব মুখার্জির পৈতৃক ভিটা বীরভূমে হলেও মুর্শিদাবাদের জঙ্গিপুরকেই তিনি নিজের বাড়ি মনে করেন। রাষ্ট্রপতির মেয়াদের শেষ লগ্নে এসে মুর্শিদাবাদে তাঁর এ সফরকে জঙ্গিপুরের বর্তমান সাংসদ ও ছেলে অভিজিৎ মুখার্জির জন্য জমি শক্ত করে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন কেউ কেউ।