রাষ্ট্রপতিকে ৭০ শতাংশ ভোটে জেতাতে চায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই-তৃতীয়াংশও নয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চাইছে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী রাম নাথ কোবিন্দকে অন্তত ৭০ শতাংশ ভোটে জেতাতে। কেননা বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৬৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

এই লক্ষ্যপূরণে বিজেপি শীর্ষ নেতারা রাম নাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরাঘুরি শুরু করেছেন। বিরোধী জোট তারা ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। জনতা দল সংযুক্ত জানিয়ে দিয়েছে, এনডিএ প্রার্থীকে তারা সমর্থন জানাবে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সবাই ঘোষণা করেছেন, বিরোধী প্রার্থী মীরা কুমারকে নয়, তাঁরা ভোট দেবেন কোবিন্দকে। বিজেপি জোর নজর দিয়েছে বিভিন্ন রাজ্যের নির্দলদের উপরেও। লোকসভা ও বিধানসভার নির্দলদের অধিকাংশের সমর্থন আদায়ে দল তৎপর।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের বড় আশা ছিল ওডিশার বিজু জনতা দল, তেলেঙ্গানার টিআরএস, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও তামিলনাড়ুর এআইএডিএমকের দুই গোষ্ঠীকে নিয়ে। বিজেপি এদের সবার সমর্থন আদায় করে নিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তো মীরা কুমারের সঙ্গে দেখাই করেননি! মহারাষ্ট্রে বিরোধিতার সুর কমিয়ে শিবসেনাও ক্রমশ বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। তারা কোবিন্দকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, বিজেপির বিরুদ্ধে সমালোচনাও তারা এখন আর করছে না। বরং, গোরক্ষার নামে বাড়াবাড়ির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যা বলেছেন, শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে আজ মঙ্গলবার তাকে সমর্থন জানানো হয়েছে। বলা হয়েছে, গোমাংস খাওয়া শুধু একটা অভ্যাসই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসা ও বহু মানুষের রুজিরোজগারের প্রশ্ন। অতএব প্রধানমন্ত্রীর উচিত, গরুসংক্রান্ত বিষয়ে একটা জাতীয় নীতি গ্রহণ করা।
রাষ্ট্রপতি পদপ্রার্থী রাম নাথ কোবিন্দ উত্তর প্রদেশের দলিত সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী মোদির নির্বাচন কেন্দ্রও উত্তর প্রদেশের বারানসি। লোকসভার স্পিকার সুমিত্র মহাজনও উত্তর ভারতীয়। ফলে বিজেপির একাংশ মনে করছে, ভারসাম্য রক্ষায় উপরাষ্ট্রপতি পদে এমন কাউকে পছন্দ করা উচিত, যিনি দক্ষিণ ভারতীয়। এই মহলের পছন্দ অন্ধ্র প্রদেশের রাজনীতিক ভেঙ্কাইয়া নাইডুকে। কিন্তু মোদি সম্প্রতি বলেছেন, মন্ত্রিসভা থেকে কাউকে তিনি ছাড়তে পারবেন না। প্রশ্ন উঠেছে, তা হলে কে হতে পারেন উপরাষ্ট্রপতি?
মণিপুরের রাজ্যপাল নাজমা হেপাতুল্লা নিজে এই পদে খুবই আগ্রহী। উপরাষ্ট্রপতিই হন রাজ্যসভার চেয়ারম্যান। তাঁকেই সামলাতে হয় ভারতীয় সংসদের উচ্চকক্ষ। কংগ্রেসে থাকাকালীন নাজমা রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছিলেন।
বিজেপির এক শীর্ষ নেতার মতে, দক্ষিণী কাউকে পাওয়া না গেলে নাজমা হেপাতুল্লা উপরাষ্ট্রপতি পদে উপযুক্ত। তিনি নারী এবং মুসলমান। অতএব রাজনৈতিক দিক থেকে তা ঠিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। একটা বার্তাও দেওয়া যাবে। যেমন, বিজেপি যে দলিতবিরোধী নয়, রাম নাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি সেই বার্তা দিতে পেরেছে।