
ভারতে লোকসভায় পাস হওয়া জমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করতে রাষ্ট্রপতির কাছে দরবারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সে জন্য দলটি সব বিরোধী দলকেও অনুরোধ জানিয়েছে। লোকসভায় জমি বিল পাস হলেও বিরোধী দল কংগ্রেসের প্রাধান্যপুষ্ট রাজ্যসভায় তা উতরানোর সম্ভাবনা ক্ষীণ।
জমি বিল নিয়ে রাজ্যসভায় বিরোধীরা এখনো একজোট। তবে শেষ পর্যন্ত কংগ্রেস কী করবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। রাজ্যসভায় কংগ্রেসের নেতা গোলাম নবী আজাদ অবশ্য এই বিল নিয়ে অন্য কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস কৃষির ক্ষতি করে শিল্প আনার বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার দিল্লি থেকে কলকাতা ফেরার আগে দলকে নির্দেশ দেন, বিলটি নিয়ে বিরোধীদের একজোট করে যেন রাষ্ট্রপতির কাছে তদবির করা হয়। সে জন্য দলের পক্ষ থেকে অন্য বিরোধী দলগুলোকেও অনুরোধ করা হয়েছে। বিরোধীদের নেতৃত্ব দেওয়ার কথা সংযুক্ত জনতা দলের নেতা শারদ যাদবের। তৃণমূল কংগ্রেসের ডাকে পাছে বামরা না যায়, সে সম্ভাবনা ঠেকাতেই এই ব্যবস্থা।
কয়লা ও খনি বিল নিয়ে বিরোধিতা জমি বিলের মতো এত তীব্র নয়। এই বিল দুটি পাস করানোর একটা উপায়ও গতকাল বের করা হয়েছে। প্রধানত তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই বিল দুটি রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কমিটির সুপারিশ সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চলতি মাসের ২০ তারিখের মধ্যে পাস করানো যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রী মমতার মন যে কিছুটা নরম, কয়লা ও খনি বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্তই তার প্রমাণ। বিমা বিলও রাজ্যসভায় পাস হওয়ার সম্ভাবনা প্রবল। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় বিমা বিল আসছে।