রাষ্ট্রপতির মেয়েকে ফেসবুকে অশালীন বার্তা!

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানা ধরনের মন্তব্য ও পোস্ট দিয়ে প্রায়ই নারীদের উত্ত্যক্ত-অপদস্থ করা হয়। এবার এই অবস্থার শিকার হওয়া নারীর তালিকায় কিনা যোগ হলো রাষ্ট্রপতির মেয়ের নাম! যিনি আবার রাজনীতিবিদও।
হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে ও দিল্লি কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জিকে ফেসবুকে যৌন উসকানিমূলক বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করেছেন এক ব্যক্তি। আজ শনিবার শর্মিষ্ঠা মুখার্জি নিজের ফেসবুক পেজে পার্থ মণ্ডল নামের ওই ব্যক্তির অশালীন বার্তা ও প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করে এই কথাই জানিয়েছেন। শর্মিষ্ঠা বলেছেন, তিনি পার্থ মণ্ডল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ করবেন।
শর্মিষ্ঠা বলেন, ওই ব্যক্তি (পার্থ মণ্ডল) তাঁর অপরিচিত। গতকাল রাতে ওই ব্যক্তি তাঁকে অশালীন ভাষায় যৌন উসকানিমূলক বার্তা পাঠিয়েছেন। তিনি প্রথমে ভেবেছিলেন, ওই ব্যক্তিকে ফেসবুকে ব্লক করে দেবেন। কিন্তু পরে ঠিক করেন, ব্লক করে চুপ করে বসে থাকলে ওই ব্যক্তি অন্য কাউকে এ রকম অশালীন বার্তা পাঠাতে উৎসাহ পাবে।
অন্য এক ফেসবুক পোস্টে শর্মিষ্ঠা বলেন, ‘আমার মনে হচ্ছে, এই ধরনের ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে এনে তাঁকে অপদস্থ করা উচিত। আমি ওই ব্যক্তির প্রোফাইল ও আমাকে পাঠানো অশালীন বার্তাগুলোর স্ক্রিনশট পোস্ট করে ওই ব্যক্তিকেও ট্যাগ করে দিয়েছি। এই পোস্টটি সবাই শেয়ার করুন। কারণ এই ধরনের বিকৃত রুচির কাজকে কখনো হালকাভাবে দেখা উচিত নয়।’ দিল্লি কংগ্রেসের এই মুখপাত্র আরও বলেন, ‘এই ঘটনার বিরুদ্ধে আমি একজন সাধারণ নারী হিসেবেই লড়ব। রাষ্ট্রপতির মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ নেব না। আমার বিশ্বাস, এই ধরনের ঘটনায় পুলিশ সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে।’