রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর শেষকৃত্য দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে আজ শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে মহাশ্বেতা দেবীকে শেষ সম্মান জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টা ১৬ মিনিটে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহাশ্বেতা দেবী। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মহাশ্বেতা দেবীর মরদেহ ছিল কলকাতার হিমঘর পিস ওয়ার্ল্ডে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আজ সকাল ১০টার দিকে পিস ওয়ার্ল্ড থেকে আনা হয় কলকাতার রবীন্দ্র সদনে। এখানেই কলকাতার সর্বস্তরের জনসাধারণ তাঁকে শেষ শ্রদ্ধা জানায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা একটার দিকে মহাশ্বেতা দেবীর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর আরও শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক, স্পিকারসহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বিশিষ্টজনেরাও শ্রদ্ধা জানান।
বেলা একটা পর্যন্ত মহাশ্বেতা দেবীর মরদেহ রাখা হয় রবীন্দ্র সদনে। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে শোক মিছিল বের হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ কলকাতার কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা মিছিলে ছিলেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল যায় কেওড়াতলা মহাশ্মশানে। এখানেই শেষকৃত্য সম্পন্ন হয় মহাশ্বেতা দেবীর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে মহাশ্বেতা দেবীকে শেষ সম্মান জানানো হয়। এরপর তাঁকে শেষকৃত্যের জন্য শ্মশানে তোলা হয়। তাঁর মুখাগ্নি করেন তাঁর নাতি তথাগত ভট্টাচার্য।

মহাশ্বেতা দেবীর জন্ম বাংলাদেশের ঢাকায়। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি। শৈশব ও কৈশোরে স্কুলের পড়াশোনাও ঢাকায়। দেশভাগের পর তাঁরা চলে আসেন কলকাতায়। এরপর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। মহাশ্বেতা দেবীর বাবা মনীশ ঘটক ছিলেন প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক।
মহাশ্বেতা দেবী প্রচুর বই লিখেছেন। পেয়েছেন সাহিত্য একাডেমি ও জ্ঞানপীঠ পুরস্কার। রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বাংলাবিভূষণ, র্যামন ম্যাগসাইসাই পুরস্কারও পেয়েছেন তিনি।
আরও পড়ুন: