রাহুর কোপে বরুণ গান্ধী

ভারতের শাসক দল বিজেপির এই মুহূর্তের দণ্ডমুণ্ডের কর্তা গুজরাটি অমিত শাহর সদ্য গড়া টিম থেকে বাদ পড়েছেন বরুণ গান্ধী। খবরটা যেদিন জানাজানি হলো, সত্যি বলতে কি আমি খুব একটা অবাক হইনি। বারবার মনে হচ্ছিল, এটাই হয়তো হওয়ার ছিল। ক্রিকেটের ভাষায় বলতে গেলে, বরুণ বলের লাইনে ব্যাট, পা, কনুই কিছুই না এনে সপাটে চালাতে গিয়েছিলেন। ফলে উইকেটের পেছনে ধরা পড়েছেন। অনিবার্য পরিণতি।
অবাক না-হওয়ার আরও একটা কারণ, এমন কিছু যে ঘটতে পারে, সেই আঁচটা মাস তিনেক আগে উত্তর প্রদেশে বরুণের নির্বাচনী কেন্দ্র সুলতানপুরে গিয়ে পেয়েছিলাম। গোটা সুলতানপুরে প্রচারে বরুণ কোথাও হোর্ডিং-পোস্টারে মোদির ছবি রাখেননি, মোদি-মাহাত্ম্য প্রচারে আগ্রহ দেখাননি, মোদির নামে ভোট-ভিক্ষা করেননি। একেবারে শেষ দিকে কারও কারও পরামর্শে সামান্য কিছু হোর্ডিং টাঙিয়েছিলেন। কিন্তু তত দিনে যে-বার্তাটা দিকে¼দিকে ছড়িয়ে পড়েছিল, তা হচ্ছে প্রয়াত বাবা সঞ্জয় গান্ধীর কর্মভূমি সুলতানপুরে ভোটে জিততে মা-বাবার আশীর্বাদ ও নিজের যোগ্যতা ছাড়া আর কিছুর প্রয়োজন বরুণের নেই।
এই যাঁর বুকের পাটা, মোদি-জমানায় তিনি পার পাবেন কী করে? মোদির ঘোরতর বিরোধীরা তাঁকে চরম প্রতিহিংসাপরায়ণ বলে মনে করেন। গুজরাটের রাজ্যপাল কমলা বেনিওয়ালের হালটা তিনি কী করলেন সবার জানা। গুজরাট থেকে সরিয়ে তাঁকে মিজোরাম পাঠালেন, সেখানে নিয়ে গিয়ে বরখাস্ত করলেন। শুধু কি তাই? রাজস্থানে জমিসংক্রান্ত দুর্নীতির মামলাতেও জড়িয়ে দিয়েছেন। লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশি, যশবন্ত সিনহাদের কী হাল করেছেন তাও তো জানা। সুষমা স্বরাজকে ছেঁটে ফেলতে পারেননি ঠিকই। কিন্তু মন্ত্রিসভায় তাঁর অবস্থানও বেজায় নড়বড়ে। ।
সেই নরেন্দ্র মোদিকে বরুণ কেন অস্বীকার করতে চেয়েছিলেন, তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা অবশ্য কারও কাছে নেই। দুজনের বয়সের ফারাক বিস্তর। কেউই কারও প্রতিদ্বন্দ্বী নন। দুজনের মধ্যে কখনো খটাখটি লেগেছে বলেও শোনা যায়নি। দুজনের রাজনৈতিক চারণভূমির মধ্যেও অন্তত এক হাজার কিলোমিটারের দূরত্ব। তা হলে নির্বাচনী প্রচারের সময় মোদির নামে কেন অমন অ্যালার্জি হয়েছিল বরুণের? কারও জানা নেই। অবশ্য অন্য একটি ঘটনা সম্প্রতি ঘটে গেছে, যা মোদির চোখ টাটাতে পারে। বরুণের মা মেনকা এই কিছুদিন আগে ছেলেকে উত্তর প্রদেশের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছিলেন। মেনকার ওই কথায় মোদি চটেছিলেন। কারণটা সেই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। ব্যাপারটা এ রকম, আমি নরেন্দ্র মোদি। আমিই ঠিক করব কে মুখ্যমন্ত্রী হবে, কে হবে না। তুমি কে হে নিজের ইচ্ছেটা আমার ওপর চাপিয়ে দেবে? হয়তো তাই সুগ্রীব দোসর অমিত শাহকে নির্দেশ, বরুণকে সবক শেখাও। ভারতের এক প্রথম সারির ইংরেজি দৈনিকে চমৎকার একটা কার্টুন ছাপা হয়েছে। পার্টি সভাপতির অফিসের বাইরে সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে অমিত শাহ। তাঁর সামনে সপুত্র ক্ষুব্ধ মেনকা। অমিত শাহ তাঁকে বলছেন, ‘আপনি শিশু উন্নয়নমন্ত্রী। কিন্তু তাই বলে আপনি এই অভিযোগ করতে পারেন না যে আমি দলীয় পদ দিইনি বলে আপনার ছেলের বিকাশ বা উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মজাটা হলো, মোদি জমানায় বিজেপির অন্যরা তো বটেই, সহযোগী নেতাদেরও মুখে কুলুপ। ফলে বরুণের বিষয়টি নিয়ে কেউই ট্যাঁ-ফোঁ করছেন না। তবে বরুণের ‘গান্ধী প্রেম’-এর একটা ব্যাখ্যাও শোনা যাচ্ছে।
ঘটনা হলো, নির্বাচনী প্রচারে মোদি ‘কংগ্রেসমুক্ত ভারত’ গড়ার ডাক দেওয়ার পাশাপাশি কংগ্রেসের পারিবারিক শাসনের অবসানেরও হাঁক দিয়েছিলেন। নেহরু-গান্ধী পারিবারিক শাসনকে তিনি গণতন্ত্র ও দেশের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন। এই যেখানে তাঁর মনোভাব ও বিশ্বাস, সেখানে ‘আমেথিতে রাহুল ভালো কাজ করেছেন’ বলে বরুণ মন্তব্য করে ফেলেন। তখন ভোটের প্রচার তুঙ্গে। সামাল দিতে মেনকাকে আসরে নামতে বাধ্য করেছিল বিজেপি। ছেলের সমালোচনা করতে হয়েছিল তাঁকে। সত্য হলো, ইন্দিরার সঙ্গে মেনকার শত্রুতার আঁচ সোনিয়া-মেনকা সম্পর্কে যেমন নেই, তেমনই নেই রাহুল-প্রিয়াঙ্কা ও বরুণের সম্পর্কেও। দুই পরিবারের পারিবারিক অনুষ্ঠানে তিন ভাইবোনের যাওয়া-আসাও অবাধ। বরুণের প্রথম কন্যার মৃত্যুতে তাঁকে সমবেদনা জানাতে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা যেমন গিয়েছিলেন, তেমনই গিয়েছিলেন দ্বিতীয় কন্যার জন্মের পর তাঁদের অভিনন্দন জানাতে। শত্রুপক্ষের সঙ্গে পারিবারিক এই হৃদ্যতা মোদির পক্ষে মেনে নেওয়া কঠিন। বরুণের পক্ষেও সম্ভব নয় গান্ধী পরিবারের সঙ্গে শত্রুতা করা। তাই পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মোদির সভায় তাঁকে ভাষণ দিতে ডাকা হয় না। তাঁর সঙ্গে রাজ্য নিয়ে পরামর্শ করা হয় না। বরুণও দূরত্ব বাড়ান মোদিকে উপেক্ষা করে। মোদির নির্দেশেই তাই বরুণের ঘাড়ে কোপ পড়ল।