রাহুল কবে সভাপতি হচ্ছেন তা ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীর উত্তরণের রাস্তা মসৃণ করে দিয়েছে। তবে তিনি কবে দলের সভাপতির পদে নির্বাচিত হচ্ছেন, তা এখনো ঠিক হয়নি। সিদ্ধান্ত গ্রহণের ভার ওয়ার্কিং কমিটি ছেড়ে দিয়েছে সভানেত্রী সোনিয়া গান্ধীর ওপর।
অসুস্থতার কারণে সোনিয়া দলের ওয়ার্কিং কমিটির শেষ বৈঠকে উপস্থিত ছিলেন না। সেই বৈঠকে রাহুলকে দলের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলেন এ কে অ্যান্টনি। তাঁকে সমর্থন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সব সদস্য। সোনিয়া একটু সুস্থ হলেই ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে তাঁদের গৃহীত সিদ্ধান্তের কথা তাঁকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে অনুমোদন চাওয়া হবে। সভানেত্রীই তারপর ঠিক করবেন কবে পুত্রের অভিষেক হবে।
রাহুল এখন দলের সহসভাপতি। সোনিয়া সভানেত্রী রয়েছেন দীর্ঘ ১৮ বছর। ১৯৯৮ সালের ১৪ মার্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মত প্রস্তাবে তাঁকে সভানেত্রী করেছিল। এক মাসের মধ্যেই ৬ এপ্রিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সম্মেলনে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছিল। পরিবারতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার এটাই হলো নিয়ম।
ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ সোনিয়া গান্ধীর অসুস্থতা। দলীয় সূত্র অনুযায়ী, ৬৯ বছর বয়সী সোনিয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। দল পরিচালনার ধকল তিনি সেভাবে আর নিতে পারছেন না। উত্তর প্রদেশে রোড শো করার সময় অসুস্থ হয়ে পড়ার পরই চিকিৎসকেরা তাঁকে সতর্ক করেন। তখন থেকেই দলের ব্যাটন পুত্রের হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, রাহুলের উত্তরণের পথ প্রশস্ত করতে হলে সোনিয়াকে প্রথমে সভানেত্রী পদে ইস্তফা দিতে হবে। ওয়ার্কিং কমিটি তার পর আনুষ্ঠানিকভাবে রাহুলকে সভাপতি পদে নির্বাচিত করে একটি প্রস্তাব গ্রহণ করবে। ছয় মাসের মধ্যে এআইসিসির সম্মেলন ডেকে সেই প্রস্তাব অনুমোদন করাতে হবে। বিষয়টির নিষ্পত্তি অবশ্য এক দিনেও করা যায়। সে ক্ষেত্রে দিন ঠিক করে এআইসিসির সম্মেলন ডাকতে হবে। সম্মেলন শুরুর আগে ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাবটি গৃহীত হতে পারে। তারপর সম্মেলনে তা অনুমোদিত হবে। গত সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই অর্থে অবশ্য রাহুলের নাম প্রস্তাব আকারে আসেনি। ওয়ার্কিং কমিটির সদস্যরা সবসম্মতভাবে রাহুলকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান।
রাহুলের হাতে দলের ভার তুলে দেওয়ার অর্থ হবে তারুণ্যের জয়। প্রশ্ন প্রধানত দুটি, রাহুল কতটা প্রস্তুত এবং উত্তর প্রদেশের ভোটের আগে তিনি দায়িত্ব নিতে চাইছেন কি না। ওয়ার্কিং কমিটির এক সদস্য মনে করেন, সভাপতির পদ গ্রহণের আগে রাহুল চাইবেন নিজের পছন্দমতো সংগঠনের রদবদল সেরে ফেলতে।
রাহুলকে সভাপতি করার বিষয়টি নিতান্তই আনুষ্ঠানিকতা। তাঁর সঙ্গে পরামর্শ করেই সোনিয়া যাবতীয় সিদ্ধান্ত নেন।