রাহুল, কেজরিওয়ালসহ নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ‘ভারতবিরোধী’ বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নতুন মোড় নিল। এবার ওই ঘটনায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলো।
হায়দরাবাদের সারওরনগর থানায় গত রোববার এ মামলা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
হায়দরাবাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে এই রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করে থানা। এর আগে থানা মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে জনার্ধন গৌড়সহ স্থানীয় তিন আইনজীবী আদালতে নয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আইনজীবীরা নিজেদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নন বলে দাবি করেন। মামলাটির শুনানি ৪ মার্চ।
অভিযোগে বলা হয়, দিল্লি পুলিশ কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে, তা জেনেও রাহুল ও অন্য নেতারা জেএনইউ ক্যাম্পাসে গিয়েছেন এবং জেনেশুনেই তাঁদের সমর্থন করেছেন। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। অন্য যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন সিপিআই নেতা ডি রাজা, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, অজয় মাকন, জেডি (ইউ) মুখপাত্র কে সি ত্যাগী, জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার ও জেএনইউয়ের গবেষক উমর খালিদ। এঁদের মধ্যে কানহাইয়া ও খালিদ রাষ্ট্রদ্রোহের মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন। এই দুজন গত ৯ ফেব্রুয়ারি ভারতের পার্লামেন্ট ভবনে হামলার বর্ষপূর্তিতে জেএনইউ ক্যাম্পাসে ভারতবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
সারওরনগর থানার পরিদর্শক এস লিঙ্গাইয়া বলেন, ‘এটা আদালতের পাঠানো নির্দেশ। আদালতের নির্দেশ মেনে রাহুল গান্ধী, কেজরিওয়ালসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’
কেজরিওয়ালের গাড়িতে হামলা: দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানায় গতকাল সোমবার তাঁর গাড়িতে হামলাকারীরা পাথর ছোড়ে বলে আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অবশ্য কেজরিওয়াল অক্ষত রয়েছেন।
পুলিশ বলেছে, কেজরিওয়াল যেখানে সমাবেশ করছিলেন, তাঁর কাছেই তাঁর আগমনের বিরোধিতা করে প্রতিবাদ করছিল আকালি দলের সমর্থকেরা। প্রতিবাদকারীদের অবস্থান দেখে পুলিশ কেজরিওয়ালকে অনুষ্ঠানস্থলের পেছন দিক দিয়ে নিরাপদে গাড়িতে তুলে দেয়।
পরে টুইটারে কেজরিওয়াল জানান, ‘আমার গাড়ির ওপর লাঠি নিয়ে ও পাথর ছুড়ে হামলা হয়েছে। গাড়ির সামনের জানালা ভেঙে গেছে। আকালি দল ও কংগ্রেস কি নার্ভাস হয়ে গেছে? ওরা আমার চেতনার ওপর বাধা সৃষ্টি করতে পারবে না।’