রাহুল কোথায় এখনো অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর ছুটি নেওয়ার খবরটি বেশ পুরোনো। তবে তিনি কোথায় আছেন, তা নিয়ে ধূম্রজাল এখনো কাটেনি। ছুটি শেষে কবে ফিরবেন রাহুল, দলের অধিকাংশ নেতাই তা জানেন না।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুলকে নিয়ে আগে থেকেই থাকা ধূম্রজাল নতুন করে আলোচনায় এসেছে।
ভারতীয় পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অধিবেশন চলছে। ভূমি অধিগ্রহণ আইন নিয়ে সরকারবিরোধী অবস্থান নিয়েছে কংগ্রেস। অথচ পার্লামেন্টে অনুপস্থিত দলের গুরুত্বপূর্ণ নেতা রাহুল। এ নিয়ে দলের ভেতরে-বাইরে সমালোচনা হচ্ছে।
ভারতের প্রবীণ সম্পাদক বিনোদ মেহতার মৃত্যুতে শোক জানিয়ে গতকাল রোববার রাহুলের পক্ষে একটি বিবৃতি দিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)। এর আগে কেরালার স্পিকারের মৃত্যুতে শোক এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদবের সুস্থতা কামনা করে আরেকটি বিবৃতি দেন রাহুল।
এই দুটি বিবৃতির পর রাহুলের প্রসঙ্গটি আবার আলোচনায় এসেছে। রাহুল এখন কোথায় আছেন, ছুটি শেষে তিনি দলের কাজে যোগ দিয়েছেন কি না—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর কংগ্রেসের অধিকাংশ নেতারই অজানা।
কয়েকটি সূত্রের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে রাহুলের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা কম।
এর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা বলেছিলেন, রাহুল ১০ মার্চের মধ্যেই ‘ছুটি’ কাটিয়ে ফিরবেন।
কংগ্রেসের সূত্র জানিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে দলের সর্বশেষ শোচনীয় অবস্থার পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাহুলের মতপার্থক্য বেড়েছে। এর পরই তিনি ছুটিতে গেছেন।
দলের পক্ষ থেকে বলা হয়, ‘আত্মমূল্যায়নের জন্য’ দল থেকে ছুটি নিয়েছেন রাহুল।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা আশা প্রকাশ করেন, ছুটি থেকে ফেরার পর রাহুল নতুন প্রাণশক্তি নিয়ে কাজ শুরু করবেন।
দলীয় সূত্র বলছে, আগামী এপ্রিল মাসে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে রাহুলকে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।