রাহুল গান্ধীকে আবার জেরা,পুলিশের ব্যাপক ধরপাকড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডির সমনের প্রতিবাদে কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখিয়েছেন
ছবি: এএনআই

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরার নামে রাজনৈতিক হেনস্তার অভিযোগে গতকাল বুধবার উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান কংগ্রেসের নেতা-কর্মীরা। আকবর রোডে কংগ্রেস অফিসে যাওয়ার সব সড়ক অবরোধ করে রাখে দিল্লি পুলিশ।

নেতা-কর্মীদের দলীয় দপ্তরে যেতে বাধা দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় প্রথম সারির নেতাদের। এমনকি জোর করে দলীয় কার্যালয়েও ঢুকে পড়ে পুলিশ। বিক্ষোভ দমনের নামে আটক করা হয় বহু কংগ্রেস কর্মীকে।

এরই মধ্যে কংগ্রেসসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। ম্যারাথন জেরার পর রাহুলকে কি ইডি গ্রেপ্তারের ফন্দি আঁটছে? বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এ প্রশ্নের উত্তরে বলেছেন, গ্রেপ্তার করতে হলে এফআইআর দরকার। রাহুলের বিরুদ্ধে কোনো এফআইআর নেই। কিন্তু তা সত্ত্বেও এই সরকার সব পারে। ২০ ঘণ্টা পরও যাদের প্রশ্ন শেষ হয় না, যারা এভাবে রাজনৈতিক কারণে হেনস্তা করে, তাদের কাছে অসম্ভব কিছু নেই।

ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ নয়ছয়ের অভিযোগে রাহুলকে গতকালও ডেকে পাঠায় ইডি। এর আগে গত সোম ও মঙ্গলবার মিলিয়ে ২০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। তারপরও জেরা অসম্পূর্ণ বলে গতকাল সকালে রাহুলকে আবার তলব করা হয়। বেলা সাড়ে ১১টায় তিনি ইডি অফিসে যান। তার আগে থেকেই গোটা তল্লাট পুলিশে পুলিশে সয়লাব। আকবর রোড, জনপথ, মোতিলাল নেহরু মার্গ, এ পি জে আবদুল কালাম রোডসহ পুরো এলাকায় বসানো হয় ব্যারিকেড। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মীরা যাতে জড় হয়ে বিক্ষোভ দেখাতে না পারেন, সে জন্য তৎপরতা বাড়িয়ে দেয় পুলিশ। পাল্টা প্রস্তুতি নেন কংগ্রেস কর্মীরা। তাঁদের ঠেকাতে আকবর রোডে পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা-কর্মীদের হাতাহাতি শুরু হয়। নারী কংগ্রেস সদস্যদের টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশ সদস্যদের। একসময় ২৪ আকবর রোডের বন্ধ দরজা খুলে বেশ কিছু পুলিশকে কংগ্রেস অফিসে ঢুকে পড়তে দেখা যায়। দলের কার্যালয় থেকে পুলিশ আটক করে কয়েকজন বিক্ষোভকারীকে। দলীয় কার্যালয়ে আসার পথে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় রাজস্থানের যুব নেতা শচীন পাইলটসহ বেশ কয়েকজনকে। থানা থেকে শচীন এনডিটিভিকে বলেন, বিনা কারণে এমন ধরনের ধরপাকড় কোনো দিন দেখা যায়নি। সরকার চায় না গণতন্ত্রে কোনো বিরোধী দল থাকুক।

কংগ্রেস নেতারা ‘বর্বর’ পুলিশি আচরণের নিন্দা করে বলেন, পরিকল্পিতভাবে এই সরকার গণতন্ত্রকে হত্যা করছে। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অধীর চৌধুরী, কে সি বেনুগোপাল, ভূপেশ বাঘেল, গৌরব গগৈ, অজয় মাকেনসহ বেশ কিছু নেতা-কর্মী দলীয় দপ্তরের সামনে সত্যাগ্রহ শুরু করেন।

জেরায় রাহুলের ‘অসহযোগিতা’–সম্পর্কিত কিছু খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রের বরাতে দেওয়া জেরাসংক্রান্ত ওই সব তথ্য ‘ফাঁস’ করার জন্য সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে কংগ্রেস। গতকাল সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়েছে, সরকার ইচ্ছাকৃতভাবে রাহুল সম্পর্কে পছন্দের মিডিয়ায় মিথ্যা তথ্য পাচার করছে। বলা হচ্ছে, রাহুল নাকি ‘সহযোগিতা’ করছেন না। তিনি নাকি আইনজ্ঞের ‘শেখানো বুলি’ আওড়াচ্ছেন। এনডিটিভি জানায়, নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলমান তদন্তের খবর ইচ্ছাকৃত ফাঁস করা আইনের শাসনের পরিপন্থী। নোটিশে কংগ্রেস বলেছে, যেকোনো ব্যর্থ সংস্থা শেষ পর্যন্ত এমন ব্যবস্থাই গ্রহণ করে। বলা হয়েছে, সরকার ইডির পাশাপাশি মিডিয়াকে তার রাজনৈতিক ষড়যন্ত্রের শরিক করেছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘আমরা বিচলিত নই। আমরা নির্ভয়ে লড়াই করে যাব।’

আরও পড়ুন