রাহুল গান্ধীর উত্তর প্রদেশ অভিযান শুরু
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে প্রাসঙ্গিকতা ফিরে পেতে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর অভিযান শুরু হলো। রাজ্যের পূর্বপ্রান্তের দেউড়িয়া জেলা থেকে গতকাল মঙ্গলবার যাত্রা শুরু করে প্রায় এক মাস পর রাহুল পৌঁছাবেন দিল্লি। অভিযানের নাম ‘কিষান যাত্রা’। লক্ষ্য, আগামী বিধানসভা ভোটে উত্তর প্রদেশে কংগ্রেসকে সমীহ করার জায়গায় নিয়ে যাওয়া।
রুদ্রপুরে দুগ্ধেশ্বরনাথ মন্দিরে পুজো দিয়ে রাহুল যাত্রা শুরু করেন। এই যাত্রা নিছক গাড়ি চেপে এগোতে এগোতে জনসংযোগ নয়, রাহুল রীতিমতো হাঁটবেন ও প্রধানত কৃষকদের সঙ্গে কথা বলবেন। যাত্রা শুরুর আগে দলের পক্ষ থেকে আড়াই শ ‘মিনি রথ’ বের করা হয়েছে। চার লাখ কংগ্রেস কর্মী এই রথের সওয়ারি হয়ে কৃষকদের মধ্যে বিলি করছেন তাঁদের দাবি-সনদ। রাহুল এই সব দাবি নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলবেন। সেই কথাবার্তাও হচ্ছে পুরো গ্রামীণ ঢঙে। সে জন্য প্রদেশ কংগ্রেস তৈরি করেছে সাড়ে তিন হাজার খাটিয়া, গ্রামে গ্রামে কৃষকেরা যে ধরনের দড়ির খাটে বসতে অভ্যস্ত। পঞ্চায়েত বা চৌপালের আসরে খাটিয়ায় বসে রাহুল কৃষকদের শোনাচ্ছেন কংগ্রেসের প্রতিশ্রুতির কথা, যার অন্যতম কৃষিঋণ মওকুফ ও বিদ্যুতের দামে ৫০ শতাংশ ছাড়।
গতকাল যাত্রার শুরুতে দেউড়িয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে রাহুল বললেন, ‘মোদিজি শুধুই বড় শিল্পপতিদের দিয়ে যাচ্ছেন। আমি তাঁকে বলছি, বড় বড় লোকদের দিচ্ছেন, দিন, কিন্তু কৃষকদেরও কিছু সুরাহা করুন।’
কংগ্রেসের কৌশল কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলকে সমালোচনাবিদ্ধ করা। এই কারণে সমাজবাদী পার্টিকেও রাহুল আক্রমণ করছেন দুদিক থেকে। একটা দিক হলো আইনশৃঙ্খলা, অন্যটা ‘শ্রমিকবিরোধী’ নীতি। দেউড়িয়ায় রাহুল বলেন, ‘আমি শুনেছি, একটা সময় এই জেলায় ১৭টা চিনিকল ছিল। জেলার অর্থনীতি ছিল চিনিশিল্প-নির্ভর। অথচ আজ? সব কটা চিনিকল বন্ধ হয়ে গেছে। এর জন্য দায়ী কেন্দ্র ও রাজ্যের কৃষি ও শ্রমিকনীতি।’
উত্তর প্রদেশ বিধানসভার ভোট আগামী বছরের শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট গ্রহণের সাত-আট মাস আগে থেকেই কংগ্রেস নেমে পড়েছে। ভোটের প্রচারকৌশলের দায়িত্বে রয়েছেন প্রশান্ত কিশোর, যিনি নরেন্দ্র মোদি ও নিতীশ কুমারের নির্বাচনী দায়িত্বে ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শতাব্দীপ্রাচীন এই দল বেছে নিয়েছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ভোট পরিচালনার দায়িত্বে এনেছে গোলাম নবী আজাদ, রাজ বাব্বর ও সঞ্জয় সিংকে। শীলা ইতিমধ্যেই এক দফা রাজ্য ঘুরে নিয়েছেন। সোনিয়া গান্ধীও দুর্দান্ত ‘রোড শো’ করেছেন খোদ মোদির নির্বাচনী কেন্দ্র বারানসিতে। এবার শুরু রাহুলের প্রথম দফার অভিযান। প্রদেশ কংগ্রেস এই অভিযানের জন্য ইতিমধ্যেই দেড় লাখ কর্মীকে চিহ্নিত করেছে।