রাহুল গান্ধীর নেতৃত্বে মোদিবিরোধী জোট সক্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈঠক শেষে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে যান রাহুল গান্ধী। নয়াদিল্লি, ৩ আগস্ট
ছবি: এএনআই

ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। ঐক্য স্থাপনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের পর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সক্রিয় হয়েছেন।

মঙ্গলবার সকালে সরকারবিরোধী আন্দোলনের নানা দিক নিয়ে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে কংগ্রেসসহ ১৪টি গুরুত্বপূর্ণ দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার তদন্ত, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার, মূল্যবৃদ্ধি রোধ, পেট্রোপণ্যের দাম বাড়াসহ একাধিক বিষয়ে সম্মিলিতভাবে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

এ সময় পেট্রোপণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদস্বরূপ সাংসদদের সাইকেল চালিয়ে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তাব দেন রাহুল গান্ধী। বৈঠকে উপস্থিত নেতারা সবাই এই প্রস্তাব মেনে সাইকেল চালিয়ে সংসদ ভবনে যান। এর আগে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাহুল ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনে এসেছিলেন।
সংসদ ভবনের অদূরে কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, ডিএমকে, শিবসেনাসহ মোট ১৪ দলের নেতারা উপস্থিত হন।

বৈঠকে রাহুল ছাড়াও লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও রাজ্যসভার মল্লিকার্জুন খাগড়ে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। এনসিপি থেকে হাজির ছিলেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। ডিএমকের কানিমোঝি। শিব সেনার সঞ্জয় রাউতেরা।

বামপন্থীদের পাশাপাশি ছিলেন আরজেডি, সমাজবাদী পার্টি, মুসলিম লিগ, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স, লোক জনশক্তি পার্টির নেতারাও।

বৈঠক শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘এক জোট হয়ে লড়াইয়ের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। অনেকেই তাতে সাড়া দিয়েছেন। অনেকে এসেছেন, বক্তব্য রেখেছেন। ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গৃহীত হবে, আমরা সেই পরিকল্পনা নিয়েছি।’

রাহুলের উদ্যোগে যে সময় এই বৈঠক চলছে, ঠিক তখনই বিজেপির সংসদীয় দলের বৈঠকে সংসদীয় অচলাবস্থা তৈরির জন্য বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের অচলাবস্থার দায় পুরোপুরি বিরোধীদের ঘাড়ে চাপিয়ে মোদি বলেন, বিল পাস করা নিয়ে বিরোধীরা সরকারকে কটাক্ষ করছে। বিরোধীরা বলছে, বিল পাস নয়, ‘পাপড়ি চাট’ বানানো হচ্ছে। এই ধরনের মন্তব্য সংসদ তো বটেই, দেশ ও গণতন্ত্রেরও অসম্মান। এই অপমান মেনে নেওয়া হবে না।

‘পাপড়ি চাট’ তৈরির মতো অল্প সময়ে বিনা আলোচনায় বিল পাসের তুলনা টেনেছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়ান। তিনি বলেছিলেন, অধিবেশনের প্রথম ১০ দিনে সরকার ১২টি বিল পাস করিয়েছে। এ জন্য প্রতিটি বিলে সময় লেগেছে গড়ে ৭ মিনিট। বিল পাসে সর্বনিম্ন সময় লেগেছে ১ মিনিট, সর্বোচ্চ সময় ১৪ মিনিট।

তৃণমূল কংগ্রেসের আরেক সদস্য শান্তনু সেন তথ্যপ্রযুক্তিমন্ত্রীর হাত থেকে পেগাসাস–সংক্রান্ত বিবৃতি কেড়ে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দেওয়ায় চলতি অধিবেশনে তাঁর যাওয়া বন্ধ হয়ে গেছে। বিরোধীদের বক্তব্য, পেগাসাস নিয়ে বিতর্কের দাবি মানতে সরকার রাজি নয়। কৃষি বিল প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করে চলেছে। বিরোধীদের কোনো দাবিই সরকার মানছে না। সংসদের এই অচলাবস্থার জন্য সরকারের অনমনীয় মনোভাবই দায়ী।